প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ভালুকায় চুল কাটার জন্য টাকা না দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সেলুন ব্যবসায়ী রবেন্দ্র ঋষি (৪৩) কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামক এক বখাটের বিরুদ্ধে।
এই হত্যাকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায়। পুলিশ পরে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে হবিরবাড়ী ন্যাশনাল পলিমার এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে স্থানীয় বাজারে সেলুনের ব্যবসা পরিচালনা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সাদ্দাম হোসেন ধারালো ছুরি নিয়ে রবেন্দ্রের সেলুনে প্রবেশ করেন। সেখানে রবেন্দ্রকে প্রথম দফা ছুরিকাঘাত করেন তিনি। প্রাণ বাঁচাতে রক্তাক্ত রবেন্দ্র সেখান থেকে দৌড়ে পাশের সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানেও ঘাতক সাদ্দাম পিছু ধাওয়া করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এরপর রবেন্দ্র পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে, সেখানে তাকে মাটিতে ফেলে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম প্রায়ই নেশার টাকার জন্য তার স্বামীর কাছ থেকে জোরপূর্বক টাকা নিতেন। এছাড়া সেলুনে প্রতিনিয়ত চুল-দাড়ি কাটিয়ে কোনো টাকা দিতেন না, টাকা চাইলে ঝগড়া হতো। কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং নতুন করে বাকিতে চুল কেটে না দেওয়ার কারণে তার স্বামীকে হত্যা করা হয়েছে। সূচিত্রা অভিযোগ করেন, এর আগে সাদ্দাম তার স্বামীকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। সম্প্রতি শারদীয় দুর্গাপূজার আগে সাদ্দাম তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের পর ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন