প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বর্তমানে বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করেছে। ১৯৮৯ সালে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৩৯৪ ফুট এবং প্রস্থ ২৫ ফুট। সেতুর নির্ধারিত আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়ে গেছে। দীর্ঘ ব্যবহারের ফলে সেতুর স্টিলের পাটাতনে ফাটল দেখা দিয়েছে, কোথাও জোড়াতালি দেওয়া হয়েছে, আবার কোথাও নাট-বল্টু খুলে পড়েছে। যানবাহন উঠলেই পুরো সেতু দুলে ওঠে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও প্রতিদিন ভারী যানবাহনসহ অসংখ্য গাড়ি এ সেতু দিয়ে চলাচল করছে; স্থানীয়রা যেকোনো সময় সেতুটি ভেঙে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন।
ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের সড়ক যোগাযোগের জন্য এই সেতু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষিপণ্য, মাছ, শিল্পপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে সেতুটির ভূমিকা অপরিসীম। এটি ভেঙে পড়লে ঝালকাঠির সঙ্গে এসব অঞ্চলের সড়ক যোগাযোগে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে; পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হতে পারে। স্থানীয়দের মধ্যে বিকল্প যোগাযোগব্যবস্থা নিয়ে উদ্বেগও রয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, সেতুটি দিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ ভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপ ও দীর্ঘ ব্যবহারের ফলে সেতুর স্টিলের পাটাতন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু পাটাতনে ফাটল দেখা দিয়েছে, আবার কিছু পাটাতন স্থানচ্যুত হয়ে পড়েছে; কোথাও কোথাও নাট-বল্টু খুলে পড়েছে। ফলে সেতুটি সচল রাখতে সওজের নিজস্ব ব্যবস্থাপনায় মজুত থাকা স্পেয়ার পার্টস ব্যবহার করে নিয়মিত মেরামত করতে হচ্ছে। তবে বারবার মেরামত করেও ঝুঁকি পুরোপুরি কাটানো যাচ্ছে না; মেরামতের কয়েক দিনের মধ্যেই আবার সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ২০১৬ সালেই সওজের ঝালকাঠি কার্যালয় এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। সেতুর দুই প্রান্তে সতর্কতামূলক সাইনবোর্ডও রয়েছে, তবে এসব সতর্কতা উপেক্ষা করেই প্রতিদিন চলাচল করছে যানবাহন। সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন স্থানে স্টিলের প্লেট ক্ষতিগ্রস্ত হয়েছে; কোথাও ফাটল, কোথাও জোড়াতালি দিয়ে কোনোমতে সচল রাখা হয়েছে চলাচল। খুলে পড়েছে বেশ কিছু নাট-বল্টু। যানবাহন পারাপারের সময় সেতুটি কেঁপে ও দুলে ওঠে, এতে চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ট্রাকচালক মো. খোকন সিকদার জানান, ‘প্রতিবারই লাখ লাখ টাকা ব্যয় করে সাময়িক সংস্কার করা হচ্ছে। অথচ স্থায়ী সমাধানের জন্য নতুন সেতু নির্মাণের উদ্যোগ বছরের পর বছর কাগজেই সীমাবদ্ধ। যেকোনো সময় যানবাহনসহ সেতুটি বাসন্ডা নদীতে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত স্থায়ী সমাধান করা জরুরি।’
যাত্রীবাহী বাসচালক আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন যাত্রী নিয়ে এই সেতু পার হতে হয়। গাড়ি উঠলেই সেতু কাঁপতে থাকে। দুর্ঘটনার ভয় নিয়েই চলতে হয়। জোড়াতালির পেছনে লাখ লাখ টাকা ব্যয় না করে দ্রুত নতুন সেতু নির্মাণ করা উচিত।’
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘সেতুটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সেতুতে বেশি কম্পন অনুভূত হয়। প্রাণহানির ঘটনা ঘটার আগেই সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা প্রয়োজন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন সেতু নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা দ্রুত নতুন সেতু চাই।’
ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের সড়ক উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান জানান, ১৯৮৯ সালে বাসন্ডা বেইলি সেতুটি নির্মাণ করা হয় এবং ইতোমধ্যে সেতুটির নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে। বর্তমানে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর ওপর দিয়ে ৭ টনের বেশি ওজনের যানবাহন চলাচল না করার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া হয়েছে। তবে সেতুর বিভিন্ন স্থানে প্লেট ভেঙে যাওয়া, ফাটল এবং নাট-বল্টু খুলে পড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। সড়ক বিভাগের পক্ষ থেকে নিয়মিত মেরামতের মাধ্যমে সেতুটি সচল রাখা হচ্ছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারের প্রচেষ্টায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট বিভাগ থেকে বরাদ্দের অপেক্ষায় আছে। প্রস্তাব অনুমোদনের পর দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন সেতু নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাময়িক মেরামতের ওপর নির্ভরশীল এই সেতু যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আর বিলম্ব না করে নতুন সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন