প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবলারদের ক্যারিয়ার শেষে কোচিং, টেলিভিশন বিশ্লেষক কিংবা ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া একটি পরিচিত দৃশ্য হলেও, মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই বেছে নিতে চান সম্পূর্ণ ভিন্ন এক পথ। তিনি সবুজ মাঠ ছেড়ে ভবিষ্যতে নিজেকে কুরআনের হাফেজ এবং একজন মসজিদের ইমাম হিসেবে দেখতে চান।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের অন্যতম ভরসার নাম মাজরাউই। তার বয়স মাত্র ২৮ বছর, যখন একজন ডিফেন্ডারের ক্যারিয়ার শীর্ষ পর্যায়ে থাকে, তখনই তিনি অবসরের পরিকল্পনার কথা জানিয়ে আলোচনায় এসেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাজরাউই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেয়ার কথা ভাবছেন। কারণ, জীবনের পরবর্তী সময়ে তিনি ধর্মীয় শিক্ষা, কুরআন অধ্যয়ন এবং আত্মিক উন্নয়নের জন্য সময় দিতে চান।
তার ভাষ্য হলো,
"ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে-- খ্যাতি, অর্থ ও সাফল্য। কিন্তু জীবন খুবই ছোট। আমি কুরআন হিফজ করতে চাই। একই সঙ্গে ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও ইচ্ছা রয়েছে।"
মাজরাউই জানান, তার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো সম্পূর্ণ কুরআন মুখস্থ করা। এরপর ইসলামী জ্ঞান অর্জন করে তিনি একজন ইমাম হিসেবে মানুষের সেবা করতে চান। আধুনিক ফুটবলে এমন লক্ষ্য খুব কমই দেখা যায়। বিশেষ করে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা একজন তারকা ফুটবলার ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এমন পরিকল্পনার কথা জানালে তা স্বাভাবিকভাবেই সকলের দৃষ্টি আকর্ষণ করে।
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর ছিলেন মাজরাউই। সেই আসরে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো। এরপরও ক্লাব ও জাতীয় দল-- দুই পর্যায়েই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।
যদি ২০২৬ বিশ্বকাপের পর সত্যিই তিনি অবসর নেন, তাহলে ফুটবল বিশ্ব হারাবে একজন অভিজ্ঞ ডিফেন্ডারকে। আর নুসাইর মাজরাউই তখন শুরু করবেন জীবনের নতুন একটি অধ্যায়-- যেখানে স্টেডিয়ামের গ্যালারির বদলে জীবনের প্রকৃত অর্জন হতে পারে ঈমান, জ্ঞান এবং আত্মিক পরিপূর্ণতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন