প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্যালেন্ডারের একটি ছবিতে থাকা ব্যানারে এ ধরনের লেখা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনার পর জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, একজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যালেন্ডার প্রত্যাহার ও ঘটনার তদন্তের উদ্যোগও গ্রহণ করেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষসহ অতিথিদের উপহার ব্যাগে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার পর একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে, যা সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।
ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় একটি ছবিতে দেখা যায়, উপাচার্যের নেতৃত্বে কয়েকজন মোনাজাত করছেন। সামনে পুষ্পস্তবক এবং পেছনে খালেদা জিয়ার ছবি সংবলিত একটি ব্যানার রয়েছে। ব্যানারের প্রথম লাইনে লেখা রয়েছে—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এরপর বড় অক্ষরে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং পরের লাইনে রয়েছে ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’ বলে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানের পর ক্যালেন্ডারের এই অসংগতি নজরে আসলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপাচার্যকে জানানো হয়। পরে তিনি সারা দেশে বিতরণ করা ক্যালেন্ডার ফিরিয়ে আনার নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যালেন্ডার প্রকাশের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার নিয়োগও প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৭ সালের ক্যালেন্ডারের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডার প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ জানিয়েছেন, ক্যালেন্ডারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ দপ্তরের ফটোগ্রাফার রাশেদ এ কাজ করে থাকতে পারেন।
এদিকে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের প্রভাব রয়েছে। ক্যালেন্ডার প্রকাশের পেছনেও তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের আগে কোনো পক্ষের দায় নিশ্চিত হওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন