প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।সভা থেকে ঘোষণা করা হয়েছে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।এই ঘটনায় মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগ তুলেছে অনেকে, ফলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামের মসজিদে এই দলীয় সভা আয়োজন করা হয়।জানা গেছে, নামাজের পর মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সভা শুরু করেন।সভায় মনোহর বাদশা নামের একজনকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল।এ সময়ে জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই শুরু হয়েছে তীব্র সমালোচনা।একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে মোনাফেকগুলা।’ অন্য একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর, এখানে কিসের ভণ্ডামি, এরা ইসলামের নামে ভণ্ডামি শুরু করে দিয়েছে।’
মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে, যা গিবতের পর্যায়ে পড়ছে।মসজিদের ভেতরে তো গিবত করার সুযোগ নেই।এ ছাড়া চেয়ার-টেবিল নিয়ে বসে দলীয় সভা করার ফলে মসজিদের সৌন্দর্যবর্ধন না হয়ে সৌন্দর্যহানি ঘটলে, এটি মসজিদের আদবের লঙ্ঘন হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, আমরা মসজিদভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে প্রোগ্রাম করি না।মসজিদটি গ্রামের মধ্যে, একদম বাড়ির সঙ্গে।সেসময় সেখানে লোকজন ছিল না।এ কারণে আমরা মসজিদটি ব্যবহার করেছি।তিনি আরও বলেন, ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ।তবে এটাকে মানুষ ভালোভাবে নেয় না।এ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যা আমিও দেখেছি।সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয় না।সামনের দিকে আমরা বিষয়টি খেয়াল রাখব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন