প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোরের আলো ফোটার পূর্বে জীবিকার তাগিদে ঘর ছেড়ে বেরিয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ জিসান। কুমারখালী বাজারে মাছ বিক্রি করার পর তিনি বাড়ির দিকে রওনা হন। মনে মনে হয়তো তিনি দিনের আয় নিয়ে ভাবছিলেন, অথবা পরিবারের মুখে হাসি ফোটানোর চিন্তা করছিলেন। কিন্তু তার এই ফেরার পথটি যে তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা কেউ কল্পনাও করেনি। কুষ্টিয়া-কুমারখালী সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়ার বদিরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুমারখালী বাজারে মাছ বিক্রি শেষে আলগামনযোগে নিজ গ্রাম সহড়াতলায় ফিরছিলেন জিসান। পথে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এলাকার গাজী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর আলগামনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে তাঁর মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো ট ২২-০০৯৭’ উল্লেখ করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা গেছেন। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের উপার্জনক্ষম ও পরিশ্রমী তরুণ জিসানের এমন আকস্মিক মৃত্যুতে সহড়াতলা পূর্বপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা বদিরুল ইসলামসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। যে বয়সে স্বপ্ন বোনার কথা, সেই বয়সেই জীবিকার পথে এমন করুণ বিদায়ে শোকে স্তব্ধ এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন