প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের সংকট দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। চলতি মাসের ৯ নভেম্বর থেকে এক্স-রে ফিল্মের অভাবে রোগীরা সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে তাদের হাসপাতালের বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। এক্স-রে সেবা বন্ধ থাকায় রোগীদের চিকিৎসা ব্যয়ও বেড়ে গেছে।
সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন এ বিষয়ে বলেন, "এক্স-রে ফিল্মের চাহিদাপত্র পাঠানো হয়েছে। ফিল্ম আসামাত্রই রোগীরা পুনরায় হাসপাতালে এক্স-রে সেবা পাবেন।" এদিকে এক্স-রে ফিল্ম সংকটের পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে।
রোগীদের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে অনেক ক্ষেত্রেই যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এতে রোগী ও তাদের স্বজনদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। মো. নুরুল ইসলাম নামে এক রোগী বলেন, "জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে স্থানীয়দের অনেকেই রোগীদের সঙ্গে ভালো আচরণ করেন না।" তিনি মনে করেন, জনস্বার্থে ওই বিভাগে অন্য এলাকার চিকিৎসক ও কর্মচারীদের পদায়ন করা হলে চিকিৎসাসেবার মান উন্নত হতে পারে। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হওয়ায় অসচ্ছল রোগীরা আর্থিক সংকটে পড়ছেন। জনস্বার্থে দ্রুত এক্স-রে ফিল্ম সরবরাহ, প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং জরুরি বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন