প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে হত্যা করার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী যুবক ইমনের বিরুদ্ধে। এ ঘটনার সময় তাকে থামাতে গিয়ে গুরুতর আহত হন তার ভাবী। পুলিশ এই ঘটনায় ইমনকে আটক করেছে।
এই ঘটনা সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নে ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, ইমনের মা পেয়ারা বেগম (৬০) এবং তার ৮ মাস বয়সী ভাতিজি। আহত রাবেয়া আক্তার, নিহত শিশুটির মা এবং ইমনের ভাবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমন আত্মহত্যার চেষ্টা করলে তার মা পেয়ারা বেগম ও ভাবী রাবেয়া আক্তার তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমন দা দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি মাকে কুপিয়ে হত্যা করেন এবং ৮ মাস বয়সী ভাতিজিকে ছুড়ে ফেলে দেন।
ইমনকে থামাতে গিয়ে গুরুতর আহত হন রাবেয়া আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইমন আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাকে বাধা দেওয়ার কারণে তিনি তার মা ও ভাবীকে আঘাত করেন এবং ভাতিজিকে ছুড়ে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেন, ঘটনাস্থলেই ইমনের মা ও ভাতিজির মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে কুমিল্লা থেকে সিআইডির একটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, ইমন দিনমজুর হিসেবে কাজ করতেন। সম্প্রতি একটি দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। সোমবার সকালে পায়ে তীব্র ব্যথা অনুভব করলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি। এ সময় মা ও ভাবী তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন