প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের গবেষকেরা দৈনন্দিন ব্যবহারের পণ্যে থাকা দুটি ক্ষতিকর রাসায়নিকের সঙ্গে স্তন ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরনের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক খুঁজে পেয়েছেন। নতুন এক গবেষণায় দেখা গেছে, নারীদের রক্তে পারফ্লুরোঅকটানোয়িক অ্যাসিড (পিএফওএ) ও পারফ্লুরোঅকটেন সালফোনিক অ্যাসিডের (পিএফওএস) মাত্রা বেশি থাকলে হরমোন-নির্ভর নয় এমন স্তন ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনআইএইচ) গবেষণায় দেখা গেছে, রক্তে পিএফওএ বেশি থাকা নারীদের ক্ষেত্রে এ ধরনের ক্যানসারের হার কম মাত্রায় থাকা নারীদের তুলনায় ৬৭ শতাংশ বেশি। আর পিএফওএসের ক্ষেত্রে এই হার ৯৩ শতাংশ বেশি।
গবেষকেরা জানান, এই দুটি রাসায়নিক ‘চিরস্থায়ী রাসায়নিক’ হিসেবে পরিচিত। এগুলো পরিবেশে সহজে নষ্ট হয় না এবং মানুষের শরীরেও বছরের পর বছর থেকে যেতে পারে। তবে সামগ্রিকভাবে সব ধরনের স্তন ক্যানসারের সঙ্গে এসব রাসায়নিকের স্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি।
গবেষণাটি যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোর ১ হাজার ৬০৯ জন স্তন ক্যানসারে আক্রান্ত নারী এবং তুলনার জন্য ২ হাজার ২৬৯ জন নারীর তথ্যের ভিত্তিতে করা হয়েছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ক্লিনিক্যাল অনকোলজি-তে।
গবেষকদের মতে, হরমোন-নির্ভর নয় এমন স্তন ক্যানসার তুলনামূলক বেশি আক্রমণাত্মক এবং এর ঝুঁকির কারণ সম্পর্কে বিজ্ঞানীদের জানা তুলনামূলক কম। তবে রাসায়নিক দুটির সঙ্গে ক্যানসারের সম্পর্ক নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
সূত্র: মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন