প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোরের আলো তখনো ঠিকমতো ফোটেনি। কুয়াশাচ্ছন্ন মেঠোপথ ধরে বইয়ের ব্যাগ কাঁধে হেঁটে চলেছে এক কিশোরী। স্কুলের দূরত্ব চার-পাঁচ কিলোমিটার। প্রতিদিন এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে পড়ে, কখনো আবার বৃষ্টি বা কাদামাটির কারণে স্কুলে যাওয়া সম্ভব হয় না। দেশের গ্রামীণ জনপদে হাজারো কিশোরীর নিত্যদিনের গল্প এটি। অনেক সময় যাতায়াতের এই ভোগান্তি এবং নিরাপত্তার অভাবে অকালেই ঝরে পড়ে মেধাবী অনেক মুখ, থমকে যায় তাদের উচ্চশিক্ষার স্বপ্ন।
তবে সেই চিরচেনা দৃশ্যপট এবার বদলে যেতে চলেছে। দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রী প্রত্যেকে একটি করে বাইসাইকেল পাবে। এভাবে ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়ার এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি সরকারি বা প্রাতিষ্ঠানিক প্রকল্প নয়; বরং প্রান্তিক পর্যায়ের ৩ লাখ কিশোরীর হাতে স্বাধীনতার চাবি তুলে দেওয়ার এক অনন্য প্রয়াস।
প্রধানমন্ত্রী সাইকেল চালিয়ে মান পরখ করলেন : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসার পর তিনি সেগুলো নিজে চালিয়ে মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের মূল চিত্র ও লক্ষ্য : নারীশিক্ষার প্রসার এবং মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের ঝরে পড়া (ড্রপআউট) রোধ করতেই এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রী এতে উপকৃত হবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য : দূরবর্তী অঞ্চল থেকে বিদ্যালয়ে যাতায়াতের সময় ও শ্রম বাঁচানো, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মবিশ্বাস বাড়ানো।
ইতিবাচক প্রভাব : যাতায়াত সহজ হলে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধিও প্রতিরোধ করা সম্ভব হবে।
একটি বাইসাইকেল, একটি ডানা মেলার গল্প : একজন গ্রামীণ কিশোরীর কাছে একটি বাইসাইকেল কেবল লোহার কাঠামো আর দুটি চাকা নয়-এটি তার ডানা মেলার মাধ্যম। যে মেয়েটি আগে দীর্ঘ পথ হেঁটে স্কুলে গিয়ে ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলত, বাইসাইকেলের প্যাডেলে পা রেখে সে এখন তরতর করে পৌঁছে যাবে তার প্রিয় ক্যাম্পাসে। পথে বখাটেদের উৎপাত কিংবা অনিরাপত্তার ভয় কাটিয়ে দলবেঁধে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার দৃশ্য গ্রামবাংলার চিরায়ত সামাজিক ট্যাবুকেও ভেঙে দেবে।
বিশেষজ্ঞদের মতে, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ধরে রাখতে পারলে তা দেশের সামগ্রিক অর্থনীতি ও সামাজিক উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখে। এই প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতে যে বাড়তি সময় নষ্ট হতো, ছাত্রীরা সেই সময়টুকু পড়াশোনা ও সৃজনশীল কাজে ব্যয় করতে পারবে। নিজের বাহন নিজে চালিয়ে যাওয়ার ফলে কিশোরীদের মধ্যে ছোটবেলা থেকেই নেতৃত্বগুণ ও আত্মনির্ভরশীলতা তৈরি হবে। দরিদ্র বাবা-মায়ের ওপর যাতায়াত খরচের বাড়তি চাপ কমবে, ফলে তারা মেয়েদের পড়াশোনা চালিয়ে নিতে আরো উৎসাহিত হবে।
৩ লাখ বাইসাইকেলের ক্রিং ক্রিং শব্দে মুখর হবে দেশের হাজারো গ্রামের মেঠোপথ। এই চাকাগুলো কেবল স্কুলের আঙিনায় পৌঁছে দেবে না, বরং ৩ লাখ কিশোরীকে পৌঁছে দেবে তাদের স্বপ্নের গন্তব্যে-একটি শিক্ষিত, স্বনির্ভর ও আলোকিত ভবিষ্যতের দিকে।
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে।
আজ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন