প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাক দিয়ে পানি পড়া, ঘন ঘন হাঁচি অথবা চোখ দিয়ে পানি ঝরার মতো উপসর্গ দেখা দিলে অনেকেই একে সাধারণ সর্দি মনে করে ওষুধ গ্রহণ করেন। তবে এই উপসর্গগুলোর পেছনে ভাইরাসজনিত সংক্রমণের পাশাপাশি অ্যালার্জিরও ভূমিকা থাকতে পারে। দেখতে প্রায় একই রকম হলেও সাধারণ সর্দি এবং অ্যালার্জির মধ্যে কারণ, স্থায়িত্ব এবং অন্যান্য লক্ষণের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান।
এই দুই সমস্যার মধ্যে পার্থক্য বোঝা গেলে অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ থেকে বিরত থাকা সম্ভব। একইসাথে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করাও সহজ হয়ে যায়।
১. উপসর্গের কারণ ও স্থায়িত্ব
সাধারণ সর্দি মূলত ভাইরাসের কারণে সৃষ্ট ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ। ২০০টিরও বেশি ধরনের ভাইরাস এই সমস্যার জন্য দায়ী হতে পারে। সাধারণত সংক্রমণের প্রথম দুই থেকে তিন দিন উপসর্গগুলো তীব্র থাকে। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে সর্দি সাত থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়।
অন্যদিকে, অ্যালার্জি তখন সৃষ্টি হয় যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ধুলাবালি, পরাগরেণু, ছত্রাক অথবা পোষা প্রাণীর শরীর থেকে ঝরে পড়া ক্ষুদ্র কণার মতো সাধারণত ক্ষতিকর নয় এমন উপাদানের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শে থাকা পর্যন্ত এর উপসর্গ চলতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট ঋতুতে অ্যালার্জি দেখা দেয়, আবার অন্যদের ক্ষেত্রে সারা বছরই সমস্যা থাকতে পারে।
২. ঘন ঘন হাঁচি ও চুলকানি
সাধারণ সর্দি এবং অ্যালার্জি—দুই ক্ষেত্রেই হাঁচি হতে পারে। তবে অ্যালার্জির ক্ষেত্রে সাধারণত একটানা বা বারবার হাঁচি হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। বিশেষ করে ধুলাবালি, পরাগরেণু অথবা পোষা প্রাণীর সংস্পর্শে এলে এই সমস্যা বৃদ্ধি পেতে পারে।
এছাড়া, নাক, গলা এবং চোখে চুলকানিও অ্যালার্জির অন্যতম পরিচিত লক্ষণ। বিপরীতে, সাধারণ সর্দির সঙ্গে গলাব্যথা, কাশি এবং শারীরিক ক্লান্তির মতো উপসর্গ বেশি দেখা যায়।
৩. নাকের নিঃসরণের ধরন
নাক দিয়ে কী ধরনের তরল বের হচ্ছে, সেটিও সর্দি এবং অ্যালার্জির পার্থক্য বোঝার ক্ষেত্রে সহায়ক হতে পারে। অ্যালার্জির ক্ষেত্রে সাধারণত নাক দিয়ে স্বচ্ছ এবং পানির মতো তরল ঝরে। এর সঙ্গে হাঁচি এবং নাক চুলকানোর মতো সমস্যা থাকতে পারে। অ্যালার্জেনের সংস্পর্শ অব্যাহত থাকলে এই সমস্যা দীর্ঘ সময় ধরে চলতে পারে।
সাধারণ সর্দির শুরুতে নাক দিয়ে পানি পড়তে পারে। তবে সংক্রমণের অগ্রগতির সঙ্গে নাক বন্ধ হয়ে যেতে পারে এবং শ্লেষ্মার ঘনত্ব ও ধরনে পরিবর্তন আসতে পারে। তাই শুধুমাত্র নাক দিয়ে পানি পড়ার বিষয়টি বিবেচনা করে অ্যালার্জি নিশ্চিত হওয়া যায় না।
৪. জ্বর, শরীর ব্যথা এবং চোখের সমস্যা
জ্বর এবং শরীর ব্যথা সাধারণত অ্যালার্জির লক্ষণ নয়। বরং এই উপসর্গগুলো ভাইরাসজনিত সংক্রমণের ক্ষেত্রে বেশি দেখা যায়।
তবে নাক চুলকানো এবং ঘন ঘন হাঁচির পাশাপাশি চোখ লাল হওয়া অথবা চোখ দিয়ে পানি পড়লে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের আশঙ্কা থাকতে পারে।
উপসর্গগুলো কখন এবং কোন পরিস্থিতিতে দেখা দিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। যেমন ঘর পরিষ্কার করার সময়, ধুলাবালিপূর্ণ পরিবেশে অথবা পোষা প্রাণীর কাছাকাছি গেলে একই সমস্যা বারবার দেখা দিলে পরিবেশগত অ্যালার্জির সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট ঋতুতেও কারও কারও অ্যালার্জির উপসর্গ বেড়ে যেতে পারে।
৫. উপসর্গ দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ
বারবার হাঁচি, নাক বন্ধ থাকা অথবা চোখ দিয়ে পানি পড়ার সমস্যাকে সব সময় সাধারণ সর্দি মনে করে উপেক্ষা করা উচিত নয়। এই উপসর্গগুলো ঘুমের ব্যাঘাত ঘটালে অথবা দৈনন্দিন কাজকর্মে সমস্যা তৈরি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শুধু উপসর্গ দেখে অ্যালার্জি নিশ্চিত করা কঠিন। কারণ একই ধরনের লক্ষণ ভাইরাসজনিত সংক্রমণ অথবা অন্য শারীরিক সমস্যার কারণেও দেখা দিতে পারে। বিশেষ করে দুই সপ্তাহেও উপসর্গের উন্নতি না হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
এছাড়া শ্বাসকষ্ট, পানিশূন্যতা অথবা দীর্ঘস্থায়ী জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। রোগীর উপসর্গ এবং শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
মনে রাখতে হবে, সাধারণ সর্দি-কাশির চিকিৎসায় নিয়মিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন নেই। কারণ ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। তাই নিজের ইচ্ছায় ওষুধ না খেয়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন