প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী অধ্যাপক ও প্রভাষকের ১৩টি পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। এসএসসি ও এইচএসসির ফলাফলকে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ প্রদান করে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া, গত ২৫ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর ভিত্তিতে নেওয়া পরবর্তী কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
জানা যায়, গত ২৫ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপকের দুটি এবং প্রভাষকের ১১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল্যায়নে এসএসসি ও এইচএসসির ফলাফলকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার আদালতের আইনজীবী বিজয়া রানী টিকাদার হাইকোর্টে রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবেদা গুলরুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও শিহাব উদ্দিন খান।
শুনানিতে আইনজীবী আবেদা গুলরুখ আদালতকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের জন্য ২০২১ সালের ৫ এপ্রিল ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ন্যূনতম নির্দেশিকা’ প্রণয়ন করা হয়, যা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে।
রিটকারীর আইনজীবীর দাবি, ইউজিসির ওই নির্দেশিকায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলাফলকে অগ্রাধিকার দেওয়ার কোনো বিধান নেই। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অনেক যোগ্য প্রার্থী অনলাইনে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
শুনানি শেষে আদালত ২৫ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও এর পরবর্তী কার্যক্রমের বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে আবেদন করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন