প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ও জর্ডান একমত হয়েছে বাংলাদেশি কর্মীদের অবৈধ অবস্থান নিয়মিতকরণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়াতে যৌথ বিজনেস ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জর্ডানের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূর ই হেলাল সাইফুর রহমানও সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন, যোগাযোগব্যবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ বিজনেস ফোরাম গঠনে সম্মত হয়েছে দুই দেশ। এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক সরবরাহে সরাসরি যোগাযোগ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে। তৈরি পোশাক ও ওষুধশিল্পেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
জর্ডান বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেছে। শ্রমবাজারে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। অবৈধভাবে অবস্থানরত কর্মীদের নিয়মিতকরণসহ শ্রমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ কমিটির মাধ্যমে কাজ করা হবে। জর্ডানের অর্থনীতিতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করা হয়েছে।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে।
এসময় ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ থেকে। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবটি সক্রিয় বিবেচনায় রয়েছে।
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চলাকালীন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়কালে জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশ। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমার সংকট সমাধানে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জর্ডান।
বহুপক্ষীয় ফোরামে দুই দেশের বিদ্যমান সহযোগিতা ও পারস্পরিক সমর্থনে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষ। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেছে দুই দেশ। এ ক্ষেত্রে সংসদীয় মৈত্রী কমিটি গঠন নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মত দেওয়া হয়েছে। সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে অনিষ্পন্ন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।
রাজনৈতিক পরামর্শ সভার পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এর আগে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে বাংলাদেশ-জর্ডান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. মো. নজরুল ইসলাম। এসময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।
দ্বিতীয় দফার এই রাজনৈতিক পরামর্শ সভাকে বাংলাদেশ-জর্ডান সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং বিভিন্ন খাতে সহযোগিতার অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন