প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন। পর্তুগালের জাতীয় দল থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায়, তারকা ফুটবলারের বিরুদ্ধে সর্বোচ্চ ৬ মাসের নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।
গত মাসে কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের কারণে জাতীয় দলের শিবির ত্যাগ করেছিলেন রোনালদো। তবে, নিজের সিদ্ধান্তের জন্য সমর্থক এবং সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, যদি তাকে জরিমানা করা হয়, তবে তিনি সেটি মেনে নেবেন। তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের নেশনস লিগের মাত্র একটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন সিআরসেভেন। কোপেনহেগেনে ডেনমার্কের বিরুদ্ধে ৪-২ গোলে জয়ী ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা হয়নি। এর পরেই তিনি জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্লাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী, জাতীয় দলের কোনো ফুটবলার যথাযথ কারণ ছাড়া অনুশীলন, ম্যাচ বা দলের কোনো কার্যক্রমে অনুপস্থিত থাকলে তাকে এক থেকে ছয় মাসের জন্য নির্বাসিত করা হতে পারে। এর সঙ্গে জরিমানার ব্যবস্থাও রয়েছে।
তবে, পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’-র আইন বিশেষজ্ঞ গঞ্জালো আলমেইদার মতে, রোনালদোর ক্ষেত্রে শাস্তির মেয়াদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আলমেইদা, যিনি ফিফার বিচারকও, জানিয়েছেন, গত মাসে জাতীয় দলের শিবির ছাড়ার মুহূর্ত থেকেই রোনালদোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
আলমেইদা বলেন, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কাউন্সিল আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। রোনালদোকে তার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। এরপর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, রোনালদোর জন্য কিছুটা স্বস্তির জায়গা রয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ২৪৪ নম্বর ধারা অনুযায়ী, অভিযুক্ত ফুটবলার যদি তদন্তের আওতাধীন ঘটনার কথা স্বীকার করেন, তবে শাস্তির সর্বনিম্ন এবং সর্বাধিক সীমা অর্ধেক কমিয়ে দেওয়া যেতে পারে। শর্ত হলো, স্বীকারোক্তি সম্পূর্ণ নিঃশর্ত হতে হবে এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সংশয় থাকা চলবে না।
আলমেইদার মতে, রোনালদো সোশ্যাল মিডিয়ায় নিজের ভুলের কথা কোনো শর্ত ছাড়াই স্বীকার করেছেন। ফলে, তার ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের নির্বাসন অর্ধেক হয়ে যেতে পারে। অর্থাৎ, শাস্তি কার্যকর হলে, সেটি সর্বোচ্চ তিন মাস পর্যন্ত হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন