প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম দুই মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিকে সংশোধনের সুযোগ দিতে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানোর ব্যবস্থা করেছেন। একাধিক মাদক মামলায় জড়ানোর পর জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগের কারণে তাদের এই বিশেষ সুযোগ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে যে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলাল দীর্ঘ সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় ফিরে আসার অভিযোগ স্থানীয়দের মধ্যে রয়েছে।
এই পরিস্থিতিতে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নৈতিক পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয়দের সহায়তায় দুজনকে থানায় ডেকে এনে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা থানায় এসে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা প্রতিশ্রুতি দেন যে, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত থাকবেন।
ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম মন্তব্য করেন, "শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। সত্যিকারের ভালো মানুষ হয়ে তারা সমাজে ফিরে আসুক—এটাই লক্ষ্য।"
ওসির এই উদ্যোগ স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন