প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আদাবরের শেখেরটেকের এলাকায় একটি বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ মো. মামুন (৩৫) নামে প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ বিষয়ে তথ্য প্রদান করেন।
তিনি জানান, গত ১৬ জুন সকাল সাড়ে ১০টার সময় শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশের দোকানে সংঘবদ্ধ ডাকাতদল বেশ কয়েকজন সদস্য নিয়ে প্রবেশ করে।
তারা দোকান মালিক মো. শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে। এরপর তারা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পরে ভুক্তভোগী আদাবর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকালে এর আগে এজাহারভুক্ত দুই আসামি এবং সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
তদন্তের ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এই চক্রটি বেশ কিছু দিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছে।
পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের জন্য সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন