প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা এবং সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডগুলোতে চাইল্ড কেয়ার সেন্টার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘2nd Global Ministerial Conference on Ending Violence Against Children’ শীর্ষক সম্মেলনের প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৩৪ শতাংশের বয়স ১ দিন থেকে ১৮ বছরের মধ্যে। এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু সুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে প্রতিটি উপজেলায় ৫টি করে কমিউনিটিভিত্তিক ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ (Child Protection Community Hub) পরিচালিত হচ্ছে। এখানে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী প্রদান করা হচ্ছে এবং জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে প্রতিটি ইউনিয়নে এই সেবা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া, কর্মজীবী দম্পতিদের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে ডে-কেয়ার কর্মসূচি চালু থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। তাই সরকার শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে মেডিকেল কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর এবং সরকারি দপ্তরে চাইল্ড কেয়ার কার্যক্রম চালু আছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এই সুবিধা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিশু পরিচর্যা ও সুরক্ষা সরকারের উন্নয়ন এজেন্ডার অন্যতম প্রধান অংশ বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন