প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৭ আগস্ট) রাতে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে গণ্য করা হয়। যাহোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিংবা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট অনেক সময় আইনি বা অন্যান্য ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা বা অন্যান্য সংবেদনশীল বিষয় সংক্রান্ত কোন কনটেন্ট প্রকাশ বা শেয়ার করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।
কোন পোস্ট বা তথ্য শেয়ার করার পূর্বে বিষয়টি ভালোভাবে যাচাই করে এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দূতাবাস। তারা আরও বলেছে, এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর বলে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোন কনটেন্ট থেকে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হতে পারে, এমন বিষয় থেকেও বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে দূতাবাস।
এছাড়া স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি যথাযথ সম্মানের মাধ্যমে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার একজনকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। একইসঙ্গে, বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সকল বাংলাদেশিকে সচেতন থাকার পাশাপাশি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন