প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮৯টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশের তিনটি বিশেষ টিম মাঠে কাজ করবে। এর পাশাপাশি ৫৫৪ জন আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি শুকদেব মণ্ডল, সম্পাদক দুলাল চন্দ্র সিকদার, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, উপজেলা আনসার কর্মকর্তা সালমা আক্তার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্টরা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পূজামণ্ডপের আশপাশের সড়কে কোনো দোকানপাট বা মেলা বসানো যাবে না। যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মণ্ডপগুলোতে দুই শিফটে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, জেনারেটর ও এসি-ডিসি বাতির ব্যবস্থা, রেজিস্টার সংরক্ষণ এবং দায়িত্বপ্রাপ্তদের ডিউটি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, টুঙ্গিপাড়ার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবারের দুর্গাপূজা ৮৯টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পূজামণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা আনসার কর্মকর্তা সালমা আক্তার জানান, ৮৯টি পূজামণ্ডপে মোট ৫৫৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১০টি মণ্ডপে আটজন করে মোট ৮০ জন আনসার সদস্য মোতায়েন থাকবে।
ওসি আইয়ুব আলী বলেন, পূজার সার্বিক নিরাপত্তায় পুলিশের তিনটি বিশেষ টিম মাঠে কাজ করবে। এছাড়া ১৬টি কেন্দ্রে ১৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৮৯টি মণ্ডপের মধ্যে টুঙ্গিপাড়া পৌরসভায় ৩টি, পাটগাতী ইউনিয়নে ১১টি, ডুমুরিয়া ইউনিয়নে ২০টি, গোপালপুর ইউনিয়নে ৪৭টি, কুশলী ইউনিয়নে ৪টি এবং বর্ণী ইউনিয়নে ৪টি মণ্ডপ রয়েছে।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন