প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী বছরের মার্চ মাসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তবে সমাবর্তনের প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নিয়ে। দীর্ঘ সময় ধরে টিএসসির কক্ষ বরাদ্দ না পাওয়ার কারণে সংগঠনগুলোর সদস্যরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিএসসির কক্ষ বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেছেন সমাবর্তনের পূর্বে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে প্রায় ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধার অভাবে অধিকাংশ সংগঠনের কার্যক্রম বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট কোনো আর্থিক বরাদ্দ নেই। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কার্যালয় বা কক্ষের অভাব রয়েছে। এর ফলে নিয়মিত সভা, পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে সংগঠনগুলোর সদস্যদের।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে সংগঠনগুলোর জন্য স্থায়ী কার্যালয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টিএসসির অব্যবহৃত কক্ষগুলো সংগঠনগুলোর মধ্যে বরাদ্দ দেওয়া হলে তাদের কার্যক্রমে নতুন গতি আসবে। তাই সংগঠনগুলোর নেতারা দ্রুত সময়ের মধ্যে টিএসসির কক্ষ বরাদ্দের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম মন্তব্য করেছেন, "বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কক্ষ প্রয়োজন, বিষয়টি আমিও স্বীকার করি।" তবে তিনি জানিয়েছেন, কিছু জটিলতার কারণে কক্ষগুলো বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেছেন, "আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত সময়ের মধ্যে কক্ষগুলো বরাদ্দ দেওয়া যায়।"
উপাচার্য আরও জানিয়েছেন, সব সংগঠনকেই কক্ষ বরাদ্দ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে অনেক সংগঠন রয়েছে। তবে, হাতেগোনা কয়েকটি সংগঠনের কার্যক্রমই চোখে পড়ার মতো। আমার মতে, তারাই কক্ষ বরাদ্দ পাওয়ার দাবিদার।" তিনি জানান, শুরুতেই সব সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়া হবে না। সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে টিএসসিতে কক্ষ বরাদ্দ দেওয়া হবে। উপাচার্য আরও বলেন, "আমরা চেষ্টা করছি আগামী বছরের মার্চ মাসে সমাবর্তনের আগেই যেন সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দিতে পারি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন