প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে বিনিয়োগ স্থবিরতার কারণে কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি। ফলে দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা বাড়ছে। নতুন শিল্পকারখানা স্থাপন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হলো মূলধনী যন্ত্রপাতি। কিন্তু দেশে এসব যন্ত্রপাতির আমদানি ক্রমেই কমছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২২ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ৯৯ কোটি ২৫ লাখ ডলার ব্যয় হলেও চলতি অর্থবছরের একই সময়ে তা কমে ৭৬ কোটি ৯৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২২ কোটি ৩২ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৫০ কোটি ৬৯ লাখ ডলারের মূলধনী যন্ত্রপাতি আমদানি হলেও সেপ্টেম্বরে আমদানি হয়েছে আরও ২৬ কোটি ২৪ লাখ ডলারের। ব্যবসায়ী ও ব্যাংকিং খাতসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, মূলধনী যন্ত্রপাতি বলতে শিল্পকারখানায় ব্যবহৃত উৎপাদনযন্ত্র, ভারী যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের মেশিন ও উৎপাদন লাইন স্থাপনের সরঞ্জামকে বোঝায়। নতুন কারখানা স্থাপন, পুরোনো কারখানার আধুনিকায়ন এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে এসব যন্ত্রপাতি আমদানি করা হয়। ফলে এ খাতে আমদানি কমে যাওয়াকে নতুন বিনিয়োগে স্থবিরতার গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হয়। বর্তমানে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে যাওয়ায় নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান কারখানা সম্প্রসারণের গতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি উচ্চ সুদহার, বিনিয়োগে অনিশ্চয়তা ও জ্বালানিসংকটও শিল্প খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত করছে। চলতি অর্থবছরের আগস্ট শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ। আগের মাস জুলাইয়ে এ হার ছিল ৪ দশমিক ৬২ শতাংশ।
সূত্র জানায়, দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ঋণের উচ্চ সুদহার, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারে চাহিদার অনিশ্চয়তা নতুন বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার প্রভাব দীর্ঘ মেয়াদে শিল্পোৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পড়তে পারে। ফলে নতুন কারখানা স্থাপন, বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগও কমে যেতে পারে। দীর্ঘদিন এ প্রবণতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে দেশের শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে।
বিশেষ করে রপ্তানিমুখী শিল্পে উৎপাদন ব্যয় কমানো এবং পণ্যের মান উন্নয়নে আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ জরুরি। তবে শুধু অর্থের সরবরাহ বাড়ালেই বিনিয়োগ বাড়বে না। এ জন্য নীতিগত স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের আস্থা, সহনীয় উৎপাদন ব্যয়, জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। ব্যাংকে পর্যাপ্ত তারল্য থাকলেও বেসরকারি খাতে উৎপাদনশীল বিনিয়োগের জন্য ঋণের চাহিদা দুর্বল। কারণ, বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি এবং ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে সংশয় রয়েছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক পরিস্থিতিও ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
সূত্র আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, উচ্চ সুদহার এবং বিনিয়োগের বিপরীতে যথাযথ মুনাফা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হচ্ছে না। বরং জ্বালানিসংকট ও প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির কারণে শিল্প সম্প্রসারণ কঠিন হয়ে পড়ছে। যদিও মূলধনী যন্ত্রপাতি আমদানি ও শিল্প খাতে অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত বছরের ১০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মূলধনী যন্ত্রপাতি ও পণ্য সর্বোচ্চ তিন বছর মেয়াদে বাকিতে আমদানির (ইউসেন্স) সুযোগ দেওয়া হয়। এতে একবারে পুরো অর্থ পরিশোধের চাপ কমানোর সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া গত ১৩ সেপ্টেম্বর নতুন আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯ বাস্তবায়নে ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নির্দিষ্ট শর্তে ঋণপত্র (এলসি) না খুলেও ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে অনুমোদিত শিল্প ও বাণিজ্যিক পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি আমদানি ও শিল্প খাতে অর্থায়ন সহজ করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে এ প্রসঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, অর্থনীতির চাকা সচল রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে। উদ্যোক্তাদের গুরুত্ব দিতে ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থের অভাবে যাঁরা ব্যবসা পরিচালনা করতে পারছেন না, তাঁদের নতুন করে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব না হলে অন্য কাউকে দিয়ে সেটি পরিচালনার ব্যবস্থা করতে হবে। কারখানা বসিয়ে না রেখে বিকল্প উৎপাদন কার্যক্রম চালুরও পরামর্শ দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন