প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
রোববার (২৮ জুন) জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ বাজেট অনুমোদন হয়।
জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করে আলোচনাও করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; বরং এটি ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেটকে প্রণয়ন করা হয়েছে।
এ সময় বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তার খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করেন।
প্রিন্স জানান, প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে প্রতিটি উন্নয়ন প্রকল্প সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে। জেলা পরিষদকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সহযোগিতা, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সংস্কৃতির বিকাশে জেলা পরিষদ আরও কার্যকর ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে বিনিয়োগ বাড়ানো হবে।
এ সময় বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পরিকল্পনা প্রণয়ন কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান জেলা পরিষদের প্রশাসক।
সভায় উপস্থিত কর্মকর্তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, অনুমোদিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও জেলা পরিষদের কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন