প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কচুরিপানার নিচে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না এক মাদককারবারীর। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে খালের পানিতে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল থেকে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদককারবারী মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে মাদক নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে নাগেশ্বরী থানার একটি চৌকস দল পৌরসভার ঠুঁটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ঠুঁটা পাইকর এলাকায় মোটরসাইকেল ফেলে পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে খালের কচুরিপানার নিচে আত্মগোপন করে থাকেন। স্থানীয় জনতা ও পুলিশ প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির নাম মো. মাহবুবুল (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে।
পরে তার ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নম্বরবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদককারবারী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন