প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বপ্ন বাস্তবায়নের পীঠস্থান। এই প্রতিষ্ঠান শুধুমাত্র উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গণতান্ত্রিক আন্দোলন এবং সাংস্কৃতিক বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষার্থীদের দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি (DUCCS) কর্তৃক আয়োজিত ‘কালচারাল উইক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার জীবনের অনেক সংগ্রামী ও গৌরবময় স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের দিনগুলোর কথা স্মরণ করেন।
তিনি শিক্ষার্থীদের তেজোদীপ্ত সূর্যের সঙ্গে তুলনা করে বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ এবং তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, একসময় ভাগ্য অন্বেষণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলায় এসেছেন। এ ভূখণ্ডের সমৃদ্ধি, ঐতিহ্য ও সম্ভাবনার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যা কিছু সুন্দর, সত্য ও কল্যাণকর, সব সময় তার সঙ্গে থাকতে হবে।
মন্ত্রী বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতির প্রসঙ্গ উল্লেখ করে জানান, বিশ্বের ৫১টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা জরুরি।
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে মন্ত্রী পাহাড় ও সমতলের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার অসাধারণ মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের শক্তি ও স্বতন্ত্র পরিচয়ের ভিত্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর মো. ইসরাফিল পি কে এবং চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আশফাক নিপুণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। এ সাংস্কৃতিক সপ্তাহে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং প্রচলিত ধারার বাইরে শিল্প, সংস্কৃতি ও সমাজভাবনার মেলবন্ধন ঘটানোর নানা আয়োজন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন