প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এই ২২ দিনের সময়কালে ভোলার মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে ভোলার ২ লক্ষাধিক জেলে দুশ্চিন্তায় রয়েছেন।
জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে গত কয়েকদিন ধরে মাছঘাটগুলোতে সচেতনামূলক মাইকিং করা হচ্ছে এবং ঘাটে ঘাটে ব্যানার টানানো হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে। জেলে ও মৎস্যজীবিদের নিয়ে বিভিন্ন সভা ও সেমিনারও আয়োজন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোলার বিভিন্ন মাছঘাট পরিদর্শন করে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমজুড়ে নদীতে মাছের অভাব দেখা দেওয়ায় ২২ দিনের নিষেধাজ্ঞার খবর শুনে জেলেদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংসারের খরচের পাশাপাশি আড়তদারের দাদন ও এনজিওর ঋণের চাপ নিয়ে তারা চিন্তিত।
নিষেধাজ্ঞাকালীন সরকার জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দিলেও অভিযোগ রয়েছে যে, সকল জেলে এই চাল পায় না। যেসব জেলে সরকারি বরাদ্দের চাল পায়, তারাও এক সপ্তাহের বেশি এই চাল দিয়ে সংসার চালাতে পারেন না। ফলে অভিযানের সময় ঋণের বোঝা আরও ভারী হয়ে যায় জেলেদের জন্য।
সরেজমিনে বিভিন্ন মাছঘাট পরিদর্শন করে দেখা যায়, নিষেধাজ্ঞার শেষ দিনে জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদী থেকে মাছ শিকার করে ঘাটে বিক্রি করে আবার নদীতে ছুটে যাচ্ছেন তারা। সাগর মোহনার জেলেরা নিষেধাজ্ঞার প্রস্তুতি হিসেবে জাল ও মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে রাখছেন। শেষ সময়ে প্রতিটি ঘটেই চলছে জেলেদের কর্মব্যস্ততা।
জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৩৭০ জন। নিবন্ধনের বাইরেও প্রায় ৩০-৪০ হাজার জেলে রয়েছে। এর মধ্যে সমুদ্রগামী জেলে রয়েছেন ৬৪ হাজার। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন ১ লাখ ৪৩ হাজার ৬৫৬ জন জেলের জন্য ২৫ কেজি করে মোট ৩ লাখ ৫৯০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোলা সদর উপজেলার জেলে মো. হারুন মাঝি জানান, এই বছর ভরা মৌসুমে নদীতে তেমন মাছের দেখা মেলেনি। মৌসুমের শেষের দিকে গত ১০-১৫ দিন আগে থেকে কিছু মাছ ধরা পড়লেও তা গত বছরের তুলনায় অনেক কম। যা দিয়ে ঋণ পরিশোধ করা তো দূরের কথা, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ৬ সদস্যের পরিবারের খরচ যুগিয়ে সপ্তাহে দুই হাজার টাকা এনজিওর কিস্তি দিতে হয়। ফলে তারা টানাপোড়নের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এর মধ্যে সরকার ২২ দিনের মা-ইলিশ রক্ষা অভিযান ঘোষণা করেছে। এই ২২ দিনে নতুন করে ঋণ নিতে হবে। সরকার যে চাল দেয়, তা দিয়ে সর্বোচ্চ ৮-৯ দিন চলে।
উপজেলার ধনিয়া তুলাতুলি এলাকার জেলে মো. বাবুল মাঝি জানান, গত বছরের তুলনায় এবার নদীতে মাছ অনেক কম। তাই পুরো বছর ঋণের বোঝা টানতে হয়। বর্তমানে নদী থেকে যে মাছ পাওয়া যায়, তা বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারি নিষেধাজ্ঞাকালীন সময়ে নতুন করে ধারদেনা করতে হবে। জেলে পেশা ছাড়া তিনি আর কোনো কাজ করতে পারেন না। তাই বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করছেন।
একই এলাকার ছিডু মাঝি জানান, তিনি ৪০ বছর ধরে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন। নদীতে মাছ শিকার করে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিন বেলা খেয়ে কোনো মতে দিন কাটান। প্রায় চার দশক নদীতে মাছ শিকার করেও তিনি কিছুই করতে পারেননি। উল্টো বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ রয়েছে। এর মধ্যে বছরে তিন থেকে চারবার নদীতে অভিযান হয়। অন্য সময়েও নদীতে তেমন মাছ ধরা পড়ে না। প্রতি বছরই মাছের পরিমাণ কমে যাচ্ছে। ঋণের বোঝা ভারী হওয়ায় অনেকে জেলে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় জেলে খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে যারা আছেন, তারা বাধ্য হয়ে এ পেশা ধরে রেখেছেন।
সদর উপজেলার তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. জসিম বেপারী জানান, গত বছর তার আড়তে প্রায় ৮০-৯০ লাখ টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়েছে। এ বছর এখন পর্যন্ত অর্ধেকও হয়নি। গত বছর অভিযানের আগ মুহূর্তে মাছ বিক্রি করার জন্য দম ফেলার সময় পাওয়া যায়নি। এ বছর সারাদিন বসে থেকেও ৫০ হাজার টাকার মাছ বিক্রি করতে কষ্ট হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর নদীতে মাছ অনেক কম ধরা পড়েছে। জেলেরা যে মাছ পায়, তা দিয়ে তাদের সংসারও ঠিকমতো চালাতে পারে না।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন কালের কণ্ঠকে জানান, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা-ইলিশ রক্ষা অভিযান চলবে। অভিযান সফল করার লক্ষ্যে জেলেদের নিয়ে সচেতনতা সভা করা হয়েছে। ঘাটে ঘাটে মাইকিংয়ের পাশাপাশি প্রচারপত্র বিলি করা হয়েছে। জেলেদের নদী যাওয়া থেকে বিরত রাখতে পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, নিষেধাজ্ঞাকালীন ১ লাখ ৪৩ হাজার ৬৫৬ জন জেলের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় এ চাল পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে অভিযানের শুরু দিন থেকেই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। এ ছাড়াও অভিযান চলাকালে জেলের ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি বন্ধ রাখতে সংশ্লিষ্ট দপ্তরের চিঠি দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন