প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচন, যা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় নতুন প্রশাসক হিসেবে এজাজ আহমদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে। এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। সিলেট চেম্বারের পক্ষ থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই দিনে নগরীর জেলরোডে চেম্বার ভবনের সামনে সিলেট ব্যবসায়ী ফোরাম বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। এদিনের পৃথক আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যতালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালনা করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়ন করে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।
সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে এর আগে দুবার তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনোবারই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে সদস্য অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং নতুন নির্বাচনী তফসিল প্রণয়নের প্রক্রিয়া শুরু হচ্ছে।
এদিকে, নির্বাচন বারবার স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট ব্যবসায়ী ফোরাম। রোববার দুপুরে চেম্বার ভবনের সামনে উপস্থিত হয়ে ফোরামের নেতৃবৃন্দ জানান, বারবার নির্বাচন স্থগিত হওয়ায় ঐতিহ্যবাহী এ বাণিজ্যিক সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে, যার ফলে ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে, সরকার নতুন প্রশাসক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি তারা পর্যবেক্ষণ করছেন।
ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী দ্রুত সদস্যপদ ও ভোটার তালিকার ত্রুটি নিরসন করে হালনাগাদ তালিকা প্রণয়ন করবেন। এরপর অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ আরও জানান, একজন ব্যবসায়ী হিসেবে এজাজ আহমদ চৌধুরীর নেতৃত্বে চেম্বারের নিরপেক্ষতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রকৃত ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় সিলেট ব্যবসায়ী ফোরামের যুগ্ম আহ্বায়ক আলীমুল এহছান চৌধুরী, প্রেসিডেন্ট পদপ্রার্থী জুবায়ের রাকিব চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কবির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নুরুল আলম, সদস্য সচিব মো. আব্দুল কাদির, অর্ডিনারি পরিচালক পদপ্রার্থী মাজহারুল ইসলাম, শামসুর রহমান কামাল, কামরুল হামিদ, তাজুল ইসলাম, হাফিজুর রহমান, সৈয়দ আব্দুল হামিদ, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, মুক্তাদির ফাহাদ, অ্যাসোসিয়েট পরিচালক পদপ্রার্থী রেহান উদ্দিন রেহান, ইব্রাহিম খলিল, মামুনুর রশিদ মামুন, ফারেছ আহমেদসহ ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী সদস্য উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন