প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে খাবারের মূল্য বৃদ্ধি করা হলেও, মানের উন্নয়নে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, নতুন দামে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এমনকি খাবারে পোকা পাওয়ার মতো ঘটনাও ঘটছে।
শিক্ষার্থী ও হলের সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর থেকে হল অফিসের নোটিশের মাধ্যমে প্রতিটি খাবারের দাম পুনঃনির্ধারণ করা হয়। এতে দেখা যায়, পূর্বের দামের তুলনায় প্রায় প্রতিটি খাবারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, ডিম ও ভাতের দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। প্রতি শুক্রবার পরিবেশন করা চিকেন বিরিয়ানির দাম ৯০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। ভাত ও শুঁটকির দামও ৩৫ টাকা থেকে ৪০ টাকা করা হয়েছে, তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, খাবারে ছোট ৩ পিসের বেশি শুঁটকি পাওয়া যাচ্ছে না।
এছাড়া, খাবার তালিকায় পাঙ্গাশ মাছ ও ভাতের নির্ধারিত মূল্য ৩৫ টাকা উল্লেখ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের দাম বৃদ্ধি পাওয়ার পরও মানের কোনো উন্নতি ঘটেনি। বরং খাবারে পোকা পাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। আবাসিক শিক্ষার্থীরা দ্রুত খাবারের মান নিশ্চিত করা এবং তালিকা অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন।
শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী মিয়াদ ইসলাম বলেন, "খাবারে পোকা পাওয়া যাচ্ছে। তাদের ব্যবহারেও গা সারা ভাব। এমনকি সবগুলা খাবারের দাম বাড়ানো হয়েছে।" তিনি আরও জানান, "গত সপ্তাহেও ছোট এক পিস মুরগি ৩০ টাকা করে ছিল, এখন ৪০ টাকা। পাঙ্গাস মাছের তালিকায় নির্ধারিত ৩৫ টাকা হলেও আজ ৪০ টাকা নেয়া হচ্ছে।"
তিনি বলেন, "প্রতিটি খাবারের দাম বাড়ানো হলেও মানের কোনো পরিবর্তন হয়নি।"
খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহপরান হলের আরেক আবাসিক শিক্ষার্থী ইয়াহিন সাজিদ বলেন, "দাম যদি ৩৫ থেকে ৪০ করা হয়, তাহলে স্বাদ এবং পরিমাণ দুটোই বাড়ার কথা ছিল। কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিমাণে যা আছে তাই, শুধু দাম বেড়েছে।"
এ বিষয়ে শাহপরান হলের শিক্ষার্থী আরমান বলেন, "গত সপ্তাহ থেকে ডাইনিংয়ে খাবারের দাম ৫ টাকা থেকে ১০ টাকা বেশি রাখা হচ্ছে, কিন্তু সেই তুলনায় খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, "হল প্রশাসন যদি খাবারের দাম বাড়াতে চায়, তাহলে তাদের ভর্তুকি দেওয়া উচিত। কিন্তু দাম বাড়ানো হয়েছে অথচ খাবারের গুণগত মান ন্যূনতম বাড়েনি। উল্টো খাবারে পোকা পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"
এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "আমি গতকালও ডাইনিং ঘুরে দেখেছি, শিক্ষার্থীরা অভিযোগ করেনি। আর খাবারের দাম বাড়ানো হয়নি। অন্য হলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আজকে আবার আমি হলে যাবো। বাকি দুই হলের খাবার তালিকা নিয়ে সমন্বয় করার চেষ্টা করব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন