প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাধা দেওয়ার কারণে দুজন আহত হয়েছেন দুর্বৃত্তদের মারধরে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশের সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন— ভাঙারি ব্যবসায়ীর চাচাতো ভাই ও দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপ চালক সোহেল। ভুক্তভোগী ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিম, যিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মণ্ডলের ছেলে, মহাদেবপুর উপজেলার একটি ভাঙারির দোকান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ম্যানেজার মজনু এবং পিকআপচালক সোহেল বগুড়া থেকে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে পিকআপযোগে মহাদেবপুরে ফিরছিলেন। পথে তেরোমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর তাদের বহনকারী পিকআপটি হঠাৎ নষ্ট হয়ে যায়। তখন বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। পরে তারা মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। প্রথমে তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিম জানান, বগুড়ায় দোকান ও ভাঙারি সামগ্রী বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে তার ম্যানেজার ও চালক মহাদেবপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি নষ্ট হওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাদের মারধর করে সমস্ত টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন