প্রিন্ট এর তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ই জুলাই, ২০২৬ইং; ০৯:৫৪ এম
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এইচ এম দ্বীন মোহাম্মদ।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর একান্ত সাক্ষাৎকারে এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,
আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, একজন আদর্শ ও মানবিক মানুষ গড়ে তোলার কারিগর। তাই শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন,
প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে গড়ে তুলতে চাই।
অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন,
প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়নে কাজ করব। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,
তোমরাই আগামী দিনের বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করতে হবে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এইচ এম দ্বীন মোহাম্মদের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদী।
এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সামগ্রিক উন্নয়নের মাধ্যমে কাউখালী উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন