প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর শহরে ট্রাফিক পুলিশ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর পর দেশীয় তৈরি একটি ওয়ান শুটার এবং চার রাউন্ড তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপ চালক হিসেবে কাজ করেন এবং রতন একটি পিকআপ গ্যারেজে কর্মরত।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লিলির মোড় থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বালুবাড়ির দিকে যাচ্ছিলেন। হাসপাতাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা তাদের থামার সংকেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর, জিজ্ঞাসাবাদের সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি শুরু করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, তল্লাশির একপর্যায়ে হারুনের কাছে থাকা একটি লাল প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শুটার) ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তাদের কাছে অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র ছিল না।
অভিযানে ট্রাফিক কনস্টেবল শাহনেওয়াজ ও মেহেদী হাসান অংশগ্রহণ করেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময়ে আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার জানান, আটক দুজনকে বুধবার আদালতে হাজির করা হবে। তিনি আরো বলেন, হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন