প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের মুগলা প্রদেশের মিলাসে বিয়ের উপহার হিসেবে প্রাপ্ত সোনা ও নগদ অর্থ নিয়ে উধাও হওয়ার অভিযোগে পুলিশ এক নববধূকে আটক করেছে। পরিবারের অভিযোগ, বিয়ের পরদিনই তিনি স্বামীর বাড়ি থেকে বিপুল পরিমাণ গহনা ও নগদ অর্থ নিয়ে চলে যান।
তুরস্কের সংবাদমাধ্যম তোলো নিউজের বরাতে খামা প্রেস জানিয়েছে, মামুরা কালপুনোভা নামে ওই নববধূ উজবেকিস্তানের নাগরিক। মুস্তফা আতেসোগলোর সঙ্গে তার বিয়ে হয়। ঐতিহ্যবাহী ইয়োরুক রীতিতে আয়োজিত ওই বিয়ের অনুষ্ঠান তিন দিন ও তিন রাত ধরে চলে।
বিয়েতে নববধূ বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ উপহার পান। নিখোঁজ এসব গহনার মূল্য আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ তুর্কি লিরা বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্বামীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মিলাসের প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করে। পরে পুলিশ মামুরা কালপুনোভাকে আটক করে।
তবে মামুরা গহনা চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তকারীদের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে তিনি দাবি করেন, বিয়েতে পাওয়া সব গহনা তিনি সঙ্গে নিয়ে যাননি। তার ভাষ্য, বিয়ের পর স্বামী তাকে হুমকি ও অপমান করেন। এ কারণে তিনি মায়ের বাড়িতে চলে যান।
মামুরা আরও দাবি করেন, স্বামীর বাড়ি ছাড়ার সময় তিনি শুধু ২০টি সোনার কয়েন ও ২ লাখ ২৬ হাজার তুর্কি লিরা নগদ নিয়েছিলেন। বাকি সোনার গহনা তার শ্বশুরের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।
যেখান থেকে মামুরাকে আটক করা হয়, সেখানে পুলিশ তল্লাশি চালায়। তবে সেখানে নিখোঁজ গহনার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ গহনা ও নগদ অর্থের প্রকৃত অবস্থান এবং ঘটনার পেছনে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে।
স্থানীয়ভাবে বেশ আলোচিত ওই বিয়েতে ছিল নানা ঐতিহ্যবাহী আয়োজন। এর মধ্যে রাতে তেল কুস্তির প্রতিযোগিতায় তুরস্কের পরিচিত কয়েকজন কুস্তিগিরও অংশ নেন। অনুষ্ঠানে শত শত অতিথি উপস্থিত ছিলেন।
তুরস্কে বিয়েতে নবদম্পতিকে সোনার গহনা উপহার দেওয়ার প্রচলন রয়েছে। অনেক পরিবার এসব গহনাকে নবদম্পতির ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও পারিবারিক সম্পদের অংশ হিসেবে বিবেচনা করে। ফলে বিপুল পরিমাণ বিয়ের গহনা নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটিতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তদন্ত চলমান থাকায় মামুরার বিরুদ্ধে চুরির অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে কর্তৃপক্ষ তদন্ত করছে।
সূত্র:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন