প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্লোবাল সোর্সিং এক্সেপো-২০২৬ এর মাধ্যমে বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের নতুন বার্তা প্রকাশিত হয়েছে। তিন দিনের এই আয়োজনে ১১টি দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিরা অংশগ্রহণ করে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য রপ্তানি অংশীদারিত্বের সুযোগ তৈরি করেছেন। ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে নিজেদের পণ্য ও সক্ষমতা প্রদর্শন করে বাংলাদেশের নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরেছে।
এই আন্তর্জাতিক সোর্সিং এক্সপো ১৫ থেকে ১৭ নভেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়।
মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
সমাপনী বক্তব্যে বাণিজ্য সচিব উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এই অগ্রযাত্রাকে টেকসই করতে পণ্যের মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এক্সপোর সাফল্য শুধুমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে বিচার করা উচিত নয়, বরং এক্সপো-পরবর্তী সময়ে কতগুলো কার্যকর ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলো, সম্ভাব্য রপ্তানি আদেশ কতটা বাস্তব বাণিজ্যে রূপ নিল এবং নতুন বাজারের কতটা সুযোগ সৃষ্টি হলো—এসবের ওপর প্রকৃত সাফল্য নির্ভর করবে। এজন্য এক্সপোতে তৈরি হওয়া ব্যবসায়িক যোগাযোগের যথাযথ ফলোআপের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সমাপনী অনুষ্ঠানে আগামী ৮ নভেম্বর ২০২৭ তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সেপো আয়োজনের তারিখও ঘোষণা করেন বাণিজ্য সচিব।
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, এবারের এক্সপোতে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ ও আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু তৈরি পোশাকনির্ভর রপ্তানি গন্তব্য নয়। চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিকস ও ফার্নিচারসহ বিভিন্ন খাতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বহুমুখী সোর্সিং হাব হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
১২ খাতে পণ্যের প্রদর্শনী
এবারের এক্সপোতে অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।
তিন দিনের আয়োজনে পণ্য প্রদর্শনের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, B2B মিটিং, ফ্যাক্টরি ভিজিট, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এক্সপোর মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ হয়েছে। তাঁরা এ ধরনের আন্তর্জাতিক আয়োজন নিয়মিত চালু রাখার ওপর গুরুত্ব দেন।
সেরা স্টলকে পুরস্কার
এক্সপোর বিশেষ আকর্ষণ ছিল Best Stall Awards। অংশগ্রহণকারী ১২টি সেক্টর থেকে পণ্য উপস্থাপন, সৃজনশীলতা ও স্টল সাজানোর মান বিবেচনায় নির্বাচিত সেরা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।
আয়োজকরা আশা করছেন, Global Sourcing Expo 2026 Dhaka বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইপিবির পক্ষ থেকে এক্সপোর সফল আয়োজন ও সমাপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের বিদেশস্থ মিশন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন