প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিসর সৌদি আরবে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল দেশটির নিরাপত্তা জোরদারের লক্ষ্যে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার কয়েক মাস আগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে মিডল ইস্ট আইকে মিসরের সামরিক সূত্র।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এক মিসরীয় সামরিক কর্মকর্তা জানান, সৌদি আরবে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান পাঠানো হয়েছে। এ ছাড়া, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে মিসরের নৌযান অবস্থান নিয়েছে। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-অ্যামুনসহ একাধিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে।
সোমবার ফ্রান্স ২৪-কে সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবের ওপর হামলার পর কয়েক মাস আগে সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়। বর্তমানে সেই উপস্থিতি আরো জোরদার করা হচ্ছে।
গত ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে মিসরীয় সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান সিসি। পরদিন দেশের জাতীয় প্রতিরক্ষা পরিষদ সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তার ঘোষণা দেয়। পরে ২৬ অক্টোবর পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি অনুমোদিত হয়।
তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযানে মিসরের স্থলসেনা অংশ নেবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বে মতবিরোধ রয়েছে, এমনটি জানিয়েছেন দুই সামরিক কর্মকর্তা। এক পক্ষ মনে করছে, সৌদি আরবের নিরাপত্তা, লোহিত সাগরের নৌপথ এবং সুয়েজ খালের স্বার্থে অভিযানে অংশ নেওয়া প্রয়োজন। অন্য পক্ষ ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর বিরোধিতা করছে।
মিসরের সামরিক কর্মকর্তাদের একাংশের মতে, বিমান ও নৌ অভিযানেই হুথিদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক অবকাঠামো দুর্বল করা সম্ভব হলে স্থল অভিযান এড়ানো যেতে পারে। প্রয়োজনে পরবর্তী সময়ে বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে মিসরের স্থলসেনা অংশ নিতে পারে। তবে আপাতত স্থলযুদ্ধের পরিকল্পনা নেই বলে সূত্রটি জানিয়েছে।
ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের বিষয়ে মিসরের অতীত অভিজ্ঞতাও এ বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৬২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনের গৃহযুদ্ধে রিপাবলিকান বাহিনীর পক্ষে হাজার হাজার সেনা পাঠিয়েছিল মিসর। দীর্ঘ ও ব্যয়বহুল ওই অভিযানে বহু মিসরীয় সেনা নিহত হন। ১৯৭০ সালে দেশটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়।
এদিকে, সৌদি আরবের সঙ্গে মিসরের আর্থিক সম্পর্কও আলোচনায় এসেছে। গত ৩০ অক্টোবর মিসরীয় গণমাধ্যম জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের রাখা ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ আরো এক বছর বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে মিসরের সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি।
সৌদি আরবে মিসরের সামরিক উপস্থিতি নিশ্চিত হলেও ইয়েমেনে স্থলসেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট নয়।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন