প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পূর্বপাড়া গ্রামে প্রায় ২৬ বছর আগে ছোট ভাই রাম কৃষ্ণ বিশ্বাসের কাছে বিক্রি করা সম্পত্তি প্রতারণার মাধ্যমে পুনরায় ভাতিজি কুশলা রানী বিশ্বাসের স্বামী নবদিব চন্দ্র দাসের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।
সম্পত্তি বিক্রি করে নবদিব চন্দ্র দাসের নিকট থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে সম্পত্তি বুঝিয়ে না দিয়ে গ্রাম আদালতের রায় অমান্য করে নবদিবকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে চাচা শ্বশুর অমর চান (৭৬) ও তাঁর ছেলে রনি চন্দ্র বিশ্বাসের (২৫) বিরুদ্ধে। অভিযুক্ত অমর চান পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী এবং আগরপুর পূর্বপাড়া গ্রামের মৃত সুরেশ চন্দ্র ও মৃত চিন্তা মনি বিশ্বাসের ছেলে।
অভিযোগকারী নবদিব চন্দ্র দাস (৫৬) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের মৃত সুরঞ্জ চন্দ্র দাস ও মৃত রুমা দাসের ছেলে। তিনি আগরপুর পূর্বপাড়া গ্রামের মৃত হরে কিশোর চন্দ্র বিশ্বাসের মেয়ে কুশলা রানী বিশ্বাসকে বিয়ে করে বর্তমানে ওই এলাকায় বসবাস করছেন।
ভুক্তভোগী নবদিব চন্দ্র দাস অভিযোগ করে বলেন, তাঁর চাচা শ্বশুর অমর চান প্রায় দেড় বছর আগে তাঁকে বিভিন্ন প্রকার সহযোগিতা ও নিজের সম্পত্তি স্বল্পমূল্যে লিখে দেওয়ার আশ্বাস দিয়ে বলেছিলেন তাঁদের পৈত্রিক সম্পত্তি ও বসত বাড়ি বিক্রি করে আগরপুর পূর্বপাড়া গ্রামে চাচা শ্বশুরের জায়গায় একটি বাড়ি করে বসবাস করার জন্য। চাচা শ্বশুরের কথা মতো সরল বিশ্বাসে নবদিব চন্দ্র দাস তাঁর পৈত্রিক সম্পত্তি ও বসত বাড়ি বিক্রি করে চাচা শ্বশুরের সম্পত্তি কিনার জন্য প্রস্তুতি নেন। পরবর্তীতে নবদিব চন্দ্র দাসের পছন্দকৃত তিনটি জায়গা থেকে মোট ১৫ শতাংশ সম্পত্তি নবদিব চন্দ্র দাসের নামে লিখে দিবেন বলে চুক্তিবদ্ধ হন চাচা অমর চান। তিনজন সাক্ষীর উপস্থিতিতে প্রথমে ৯ লাখ ৮০ হাজার টাকা ও পরবর্তীতে আরো ২ লাখ ২০ হাজার টাকা নগদ গ্রহণ করে দলিলে সম্পত্তির মূল্য ৭ লাখ ১০ হাজার টাকা উল্লেখ করে গত বছরের ২৪ জুলাই নবদিব চন্দ্র দাসকে একটি সাফ কাওলা দলিল করে দেন অমর চান। যাহার দলিল নম্বর ২১৩৬। অক্ষর জ্ঞানহীন কৃষক নবদিব চন্দ্র দাস তখনও বুঝতে পারেনি ওই দলিলে কি লিখা হয়েছে।
নবদিবের দাবি, তাঁর ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বললে চাচা শ্বশুর অমর চান বিভিন্ন টালবাহানা শুরু করেন। পরবর্তীতে সম্পত্তির দলিলের নকল কপি তুলে দখল নিতে গিয়ে দেখা যায়, প্রতিশ্রুত জায়গার বদলে রামদী মৌজার আরএস ৯২৩ নম্বর দাগ থেকে ১০ শতাংশ এবং ৯২৪ নম্বর দাগ থেকে ৫ শতাংশ-মোট ১৫ শতাংশ সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে ৯২৩ নম্বর দাগের ১০ শতাংশ সম্পত্তি প্রায় ২৬ বছর আগে, ১৯৯৯ সালের ২৩ মার্চ, অপর চাচা শ্বশুর রাম কৃষ্ণ বিশ্বাসের নামে সাফ কাওলা দলিল মূলে বিক্রি করা হয়েছিল। যাহার দলিল নম্বর-১০১৩।
বর্তমানে রাম কৃষ্ণ বিশ্বাস সেই জমি ভোগদখল করছেন। পূর্বের দলিলের কথা গোপন রেখে প্রতারণামূলক ভাবে বিক্রিত সম্পত্তি পুনরায় তাঁর কাছে বিক্রি করে কয়েক দফায় মোট ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ চাচা শ্বশুর অমর চানের বিরুদ্ধে ভুক্তভোগী নবদিব চন্দ্র দাসের। এ ছাড়া আগের দলিলে নাম ‘অমর চন্দ্র বিশ্বাস’ থাকলেও নবদিব চন্দ্র দাসের নামে রেজিস্ট্রিকৃত দলিলে ‘অমর চান’ নাম ব্যবহার করা হয়েছে বলেও প্রতারণার অভিযোগ তোলেন ভুক্তভোগী।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৮ সেপ্টেম্বর কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন নবদিব চন্দ্র দাস। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার অভিযোগটি আমলে নিয়ে গ্রাম আদালত সমন্বয়কারীর নিকট পাঠান।
এরপর রামদী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বাদি ও বিবাদি উভয় পক্ষকে নিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার ৫ সদস্য বিশিষ্ট গ্রাম আদালত বেঞ্চ লিখিত ভাবে একটি সিদ্ধান্ত দেয়। রামদী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের চেয়ারম্যান মো. মাইনুল কবির এর স্বাক্ষরিত রায়ের সিদ্ধান্ত অনুযায়ী নবদিব চন্দ্র দাসের নামে প্রতারণামূলক ভাবে রেজিস্ট্রি করে দেওয়া রামদী মৌজার খতিয়ান ২৩৭৮, আরএস ৯২৩ নম্বর দাগের (দলিল নং-২১৩৬) ৪০ শতাংশের কাত ১০ শতাংশের পরিবর্তে খতিয়ান ২৩৭৮, আরএস ৯২৫ নম্বর দাগের ৩৬ শতাংশের কাত ৯ শতাংশ এবং খতিয়ান ১৩০৫, আরএস ৯০৯ নম্বর দাগের ৩.৫০ শতাংশের কাত ১ শতাংশ- মোট ১০ শতাংশ সম্পত্তি সাফ কাওলা দলিল অথবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রি করে আমিন দিয়ে মেপে ১৫ কার্যদিবসের মধ্যে বাদি নবদিব চন্দ্র দাসকে বুঝিয়ে দিতে হবে। ওই সময় উভয় পক্ষ গ্রাম আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে রায়ের কপিতে স্বাক্ষর করেন।
তবে অভিযোগ রয়েছে, বাড়িতে গিয়ে দুই দিনপর অভিযুক্ত অমর চান ভুক্তভোগী নবদিব চন্দ্র দাসের নামে গ্রাম আদালতের রায়কৃত দাগ থেকে সমপরিমাণ সম্পত্তি রেজিস্ট্রি করে বুঝিয়ে দেবে না বলে জানান এবং গ্রাম আদালতে রায়কৃত সম্পত্তি অন্যত্র বিক্রি করে দেওয়ার পায়তারা করছে বলে জানান ভুক্তভোগী নবদিব চন্দ্র দাস।
এ অবস্থায় গ্রাম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্য সম্পত্তি যেন অন্য কারও কাছে বিক্রি করতে না পারে এবং বিক্রি হলে যেন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়-সেই দাবি জানিয়ে গত ১৯ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি আবেদন করেন ভুক্তভোগী নবদিব চন্দ্র দাস। আবেদনের অনুলিপি সহকারী কমিশনার (ভূমি), কুলিয়ারচর ও সাব-রেজিস্ট্রার, কুলিয়ারচর এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ বরাবর পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ অভিযোগটি আমলে নিয়ে গ্রাম আদালতের সমন্বয়কারীকে ব্যবস্থা নিতে বলেন।
এছাড়া নবদিব চন্দ্র দাস আরো বলেন, তাঁর ক্রয়কৃত সম্পত্তির সমপরিমাণ সম্পত্তি অন্য দাগ থেকে বুঝিয়ে দেওয়ার জন্য বললে তাঁর চাচা শ্বশুর ও চাচাতো সালক রনি চন্দ্র বিশ্বাস (২৫) তাঁকেসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ বিভিন্নপ্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। এসব বিষয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের দুয়ারে দুয়ারে ঘুরেও বিচার না পেয়ে হতাশায় ভূগছেন দাবি করে সম্পত্তি ফিরে পেতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. শরীফুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ভুক্তভোগীর স্ত্রী কুশলা রানী বিশ্বাস (৫০) বলেন, চাচা অমর চানের প্রলোভনে পড়ে স্বামীর বসতবাড়ি ও সকল সম্পত্তি বিক্রি করে চাচার নিকট থেকে ১৫ শতাংশ জমি কেনা হয়েছিল। রেজিস্ট্রিকৃত দলিলে চাচা অমর চান একটি দাগ সঠিকভাবে উল্লেখ করলেও অপর একটি দাগ ২৬ বছর আগে অপর চাচা রাম কৃষ্ণ বিশ্বাসের কাছে বিক্রয়কৃত দাগ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ সম্পত্তি চাচা রাম কৃষ্ণ বিশ্বাস ভোগ দখলে আছেন। বাকি ৫ শতাংশ জায়গায় অভিযুক্ত চাচা অমর চান নিজেই মুরগির ফার্ম করে নিজ দখলে রেখেছেন। জমির দখল বুঝে না পেয়ে বর্তমানে ভাই কমল চন্দ্র বিশ্বাসের জায়গায় টিনসেট ঘর তৈরি করে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন দাবী কুশলা রানী বিশ্বাসের।
দলিলের সাক্ষী আগরপুর পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে ইশাদ মিয়া (৭৫) জানান, তাঁর নিজ হাতে অমর চানকে নগদ ৯ লাখ ৮০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে; পরে আরও ২ লাখ ২০ হাজার টাকা নেওয়ার কথা ভুক্তভোগীর মাধ্যমে জেনেছেন তিনি।
অপর চাচা শ্বশুর রাম কৃষ্ণ বিশ্বাস (৭০) বলেন, ২৬ বছর আগে তাঁর কাছে বিক্রি করা ১০ শতাংশ সম্পত্তি পুনরায় ভাতিজির স্বামী নবদিব চন্দ্র দাসে কাছে বিক্রি করে দলিল দেওয়াটা সম্পূর্ণ অবৈধ দাবি করেন। পাশাপাশি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রতন মিয়া বলেন, গ্রাম আদালতের রায় অনুযায়ী বিবাদি পক্ষ তার দখলীয় অন্যান্য সম্পত্তি থেকে সমপরিমাণ সম্পত্তি রেজিস্ট্রি করে বাদিকে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তা বুঝিয়ে না দিয়ে তালবাহানা করছে; একাধিকবার চেষ্টার পরও সমাধান করা যায়নি।
এব্যাপারে অভিযুক্ত অমর চান ও তার ছেলে রনি চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে, তারা হুমকি ধামকির কথা অস্বীকার করে বলেন, নবদিব চন্দ্র দাস তাদের নিকট জমি পাবে। গ্রাম আদালতে যে সব জমি নবদিব চন্দ্র দাসের নামে লিখে দেওয়ার রায় হয়েছে এসব জমির কাগজ পত্রে কিছু সমস্যা আছে। তা ঠিকঠাক করে জমি গুলো লিখে দিতে হবে। অন্যথায় তারা জমির টাকা ফেরত দিয়ে দিবে । এজন্য কিছুদিন সময় দেওয়ার প্রয়োজন। নবদিব এ সময়টুকু না দিয়ে বিভিন্ন জায়গায় তাদের নামে অভিযোগ করে যাচ্ছে, যা তাদের কাম্য নয় বলে দাবী করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, বিষয়টি গ্রাম আদালতে পাঠানো হয়েছে; সেখানে সমাধান না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন