প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছে। বৈঠকে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকটি সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইপিইউ-এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের জাতীয় সংসদকে আরও কার্যকরী করার লক্ষ্যে আলোচনা করেন এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্রের শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া, সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা গতিশীল করা এবং তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি আইপিইউ-এর অন্যতম অগ্রাধিকার হিসেবে আলোচনা করা হয়।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎ শেষে উভয়ে পারষ্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন