প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা ও উপমহাদেশের অন্যতম আলেম মাওলানা এম এ মান্নান (রহ.)। তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম, দূরদর্শী রাজনীতিবিদ এবং প্রথিতযশা সাংবাদিক। চট্টগ্রামের রাউজানে আধারমানিক হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।
শুক্রবার শুরু হয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত চলা এ মাহফিলে বক্তারা আরও উল্লেখ করেন, মাওলানা এম এ মান্নান (রহ.) পাকিস্তান আমল থেকে দেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইসলামী রাজনীতির অন্যতম পুরোধা হিসেবে তিনি দেশ ও জাতির সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রখ্যাত সাংবাদিক হিসেবে তিনি দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠা করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্বের আদর্শ জীবন থেকে অনেক কিছু শেখার রয়েছে।
রাউজান হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদরাসা ও এতিমখানার ৭০তম বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে দুই দিনব্যাপী আজিমুশশান খতমে বোখারী ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মাদরাসার সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলম।
প্রথম দিনের খতমে সহিহ বোখারী শরিফের গুরুত্ব তুলে ধরে আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার সাবেক প্রিন্সিপাল আলহাজ্জ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী (মা.জি.আ.)।
মাদরাসার শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় বক্তারা প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেন, মফস্বলে দীর্ঘ ৭০ বছর ধরে এ মাদরাসা দ্বীনি খেদমতের মাধ্যমে এলাকাকে আলোকিত করে আসছে। বিশেষ করে মাদরাসার সুপার হাফেজ আল্লামা শাহ আলম এলাকার সব স্তরের মানুষের পরামর্শ নিয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১০ সালে মাদরাসাটিকে সরকারিভাবে এমপিওভুক্ত করা সম্ভব হয়। এর ফলে গত ১৬ বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। পাশাপাশি এলাকার মানুষকে দ্বীনি ইলমের প্রতি আগ্রহী করে তুলছে মাদরাসাটি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আল মুফতা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন আলহাজ্জ আবু মুছা সিদ্দিকী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী ও মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল বশর শিকদার, আলহাজ্ব বদিউল আলম, মোহাম্মদ সোলাইমান, মইন উদ্দিন ও নওশেদ আলম।
আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মিসবাহ উদ্দিন বদরী, মাওলানা জাফর আহমদ মানিকী, কাজী মাওলানা মুহাম্মদ আকবর ও মাওলানা ইলিয়াছ করিম আলকাদেরী।
মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম, মাওলানা মোকতার, মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা মুহাম্মদ মীর হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মঈন উদ্দিন জিলানী, শাহনাজ শারমিন নীপা, স্বদেশ বড়ুয়া, শিপ্রা বড়ুয়া, মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা রিদুয়ানূল ইসলাম ও মাওলানা রেজাউল হক প্রমুখ।
হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন মোহাম্মদ সওকত হোসেন ও শিক্ষক হাফেজ মুহাম্মদ ইয়াকুব। একই সময়ে হযরত আবুবক্কর সিদ্দিক (রহ.)-এর ওফাতবার্ষিকী উপলক্ষে ওরশ শরিফ অনুষ্ঠিত হয়।
পরে মিলাদ-কিয়াম, আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন