প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তিনটি নিবন্ধনবিহীন চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া, এই ঘটনায় আরো দুজন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এসব তথ্য প্রকাশ করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (২৪), একই ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের মো. আলমের ছেলে মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমন রেজা (২৬), দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহেলে রানা (২৩), একই গ্রামের মো. সাইফুলের ছেলে মো. আসিফ (২২) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আশিক (২২)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় আব্দুস সালাম, সোহেলে রানা ও মো. আসিফকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে শিবগঞ্জ থেকে মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালেই পলাতক সাদ্দাম হোসেন ও সুশান্ত সিংহের বাড়িতে অভিযান চালিয়ে আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা তিনটি মোটরসাইকেলের নিবন্ধন নেই বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় শিবগঞ্জের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং কয়লার দিয়াড় গ্রামের মতিলাল সিংহের ছেলে সুশান্ত সিংহ (২৫) পলাতক রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় বুধবার বিকেলে সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন