প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে একটি সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সহযোগিতায় ‘ডেঙ্গু নজরদারি ব্যবস্থা জোরদার’ বিষয়ক এ সমন্বয় সভাটি আয়োজন করা হয়।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের মানুষকে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাখতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। তবে এটি সম্ভব করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বর্তমান সময়ে ডেঙ্গু জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকির রূপ নিয়েছে। এই রোগ মোকাবিলায় সরকার ও বেসরকারি সংস্থা এমএসএফ একত্রে কাজ করছে। ভেক্টরবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এমএসএফের মধ্যে ইতোমধ্যে একটি চুক্তি সই হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রতি চারটি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। গত জুন মাসে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০৫ জন। চলতি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সংখ্যা বেড়ে ৪৮৫ জনে পৌঁছেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতি শনিবার স্বাস্থ্যপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। সেইসাথে বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পানির জার বা যেকোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের সঙ্গে এমএসএফসহ কিছু অন্যান্য বেসরকারি সংস্থার সম্মিলিত কার্যক্রম প্রয়োজন।
এমএসএফের মেডিক্যাল টিম লিডার ডা. ফ্রান্সিসকো রাউল ডি. সালভাদর এবং মেডিক্যাল যোগাযোগ কর্মকর্তা ডা. ফাতেমা ফেরদৌসীর সঞ্চালনায় এ সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, বিআইটিআইডির পরিচালক ডা. ইফতেখার আহমদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপপরিচালক ডা. কমরুল আযাদ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. একরাম হোসেন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আবদুল মোত্তালিব এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন