প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ যাওয়ার কারণে আড়াই মাস বয়সী একটি শিশুকন্যার জন্মসনদ প্রদান করতে অস্বীকার করার অভিযোগ উঠেছে।
কোচবিহার জেলার খাতামারি গ্রামের বাসিন্দা আমিনা খাতুন গত ৯ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির জন্মসনদ সংগ্রহের জন্য তিনি স্বামী আবদুল হাবিবকে সঙ্গে নিয়ে হাসপাতাল ও স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে যান। কিন্তু সেখানে তাদের জানানো হয়, জন্মসনদ পেতে হলে প্রথমে পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় বিধায়কের কাছ থেকে বসবাসের সত্যতা যাচাইয়ের সনদ সংগ্রহ করতে হবে।
এরপর হাবিব দিনহাটার বিধায়ক অজয় রায়ের কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকেও তার আবেদন প্রত্যাখ্যাত হয়। তাকে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কারণে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ায় শিশুটির জন্মসনদ প্রদান সম্ভব নয়।
হাবিব ‘দ্য হিন্দু’কে বলেন, ‘বিধায়কের কার্যালয়ের এক কর্মকর্তা আমাকে বাংলাদেশি নাগরিক বলে অভিহিত করেন। তিনি বলেন, আগে জাতীয় নাগরিক নিবন্ধনে (এনআরসি) নিজের নাম নথিভুক্ত করতে হবে। আমি কেন তা করতে যাব? জন্মের পর থেকে ভারতে বসবাস করছি। খাতামারিতে আমার বাড়িটি তৈরি করেছিলেন আমার দাদা। সব ধরনের নথিপত্র দেখিয়েছি, তারপরও তারা জন্মসনদ দিতে অস্বীকার করেছেন।’
তিনি আরো জানান, সাহেবগঞ্জের ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কার্যালয়েও একই কারণে তার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।
হাবিবের পরিবারের অন্যান্য সদস্যরাও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার শিকার হয়েছেন। তার তিন বোনের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের ‘যৌক্তিক অসংগতি’র বিষয়ে শুনানির জন্য তলব করেছে। কমিশনের দাবি, আরো ছয়জন ব্যক্তি হাবিবের বাবাকে নিজেদের বাবা হিসেবে ভোটার তালিকায় উল্লেখ করেছেন।
হাবিবের বাবা-মা, স্ত্রী আমিনা খাতুন এবং বড় বোনের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। নিজের নাম পুনর্বহালের জন্য তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন। তবে সেই আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
শিশুটির জন্মসনদ প্রদানে প্রশাসনিক বাধা সৃষ্টির ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। সংগঠনটি অবিলম্বে শিশুটির জন্মনিবন্ধন ও জন্মসনদ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
মাকতুবের সঙ্গে শেয়ার করা এক বিবৃতিতে এপিসিআর বলেছে, জন্মনিবন্ধন একটি আইনগত বাধ্যবাধকতা। জাতিসংঘের শিশু অধিকার সনদের (ইউএনসিআরসি) ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি শিশুর অবিলম্বে জন্মনিবন্ধন ও আইনগত পরিচয় পাওয়ার অধিকার রয়েছে। শিশুর আইনগত পরিচয়ের অধিকার কোনোভাবেই তার বাবা-মায়ের নির্বাচনি অবস্থানের সঙ্গে যুক্ত করা যায় না। এসআইআর-সংক্রান্ত প্রশাসনিক বিরোধ কোনো নবজাতকের মৌলিক অধিকারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
সংগঠনটি জানিয়েছে, এ বিষয়ে জরুরি আইনি আবেদন নিয়ে কোচবিহারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে তারা।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বাসিন্দাদের মৌলিক পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা পেতে বাধার মুখে পড়ার একাধিক অভিযোগ সামনে এসেছে।
সূত্র: মাকতুব মিডিয়া
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন