প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচন অফিসের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি কৃষ্ণচূড়া গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি ও পথচারীদের ছায়া প্রদানকারী গাছটি কাটায় পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছটির প্রায় সব ডালপালা কেটে ফেলা হয়েছে। শ্রমিকরা কাটা ডালপালা সরিয়ে নিচ্ছেন এবং গাছের মূল কাণ্ড অপসারণের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. মোর্শেদ মিয়া জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সরদার মাসুম হাসানের নির্দেশে গাছটি কাটা হচ্ছে। তার ভাষ্য, অফিস প্রাঙ্গণের জাতীয় পতাকার স্ট্যান্ড এবং বিদ্যুতের লাইনের নিরাপত্তার স্বার্থেই গাছটি অপসারণ করা হচ্ছে।
তবে সরেজমিনে দেখা যায়, গাছটির সঙ্গে বিদ্যুতের তার ও পতাকার স্ট্যান্ডের উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। স্থানীয়দের দাবি, প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ডালপালা ছাঁটাই করেই গাছটি সংরক্ষণ করা সম্ভব ছিল। তাই পুরো গাছ কেটে ফেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সরদার মাসুম হাসানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া অফিস চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কার্যালয়েও পাওয়া যায়নি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, "নির্বাচন অফিস কর্তৃপক্ষ যথাযথ কারণ দেখিয়ে নিয়ম অনুযায়ী গাছটি কাটছে বলে আমাকে জানিয়েছে। তবে বন বিভাগের অনুমোদন নিয়ে গাছটি কাটা হয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন