প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরাসি লেখক, বুদ্ধিজীবী এবং দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আন্দ্রে মালরোর মৃত্যুর ৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ‘সেমেইন ফ্রঁসেজ’ বা ফরাসি সপ্তাহ উদ্যাপন করবে ফ্রান্স দূতাবাস। এই আয়োজন আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। ফরাসি সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র ও খাদ্যসংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে আন্দ্রে মালরোর সংহতি ও অবদানের বিষয়টিও তুলে ধরা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে সপ্তাহব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, "আন্দ্রে মালরোর মৃত্যুর ৫০তম বার্ষিকী তার কর্ম ও আদর্শকে নতুন করে স্মরণ করার সুযোগ তৈরি করেছে।" একই সঙ্গে তিনি বলেন, "এটি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদ্যাপনেরও একটি উপলক্ষ।"
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানে ফরাসি সপ্তাহের অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। এই আয়োজন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আয়োজনের অন্যতম আকর্ষণ হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আন্দ্রে মালরো মেমোরি ওয়াল’ বা স্মৃতিদেয়াল স্থাপন। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রতি মালরোর সমর্থন এবং এ দেশের মানুষের প্রতি তার সংহতির স্মৃতি সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের ঐতিহাসিক বন্ধুত্বের স্মৃতি তুলে ধরা হবে।
ফরাসি সপ্তাহের সাংস্কৃতিক কর্মসূচিতে আর্টিস্ট ক্লাবের সহযোগিতায় অপেরা পরিবেশনা অন্তর্ভুক্ত থাকবে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবের আয়োজন করবে, যেখানে বিভিন্ন আলোকচিত্রী তাদের কাজ প্রদর্শন করবেন। এই উৎসবে জনপরিসরে ধারণ করা দৈনন্দিন জীবনের নানা মুহূর্তও উঠে আসবে।
চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন থাকবে। ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন চলচ্চিত্র নির্মাণ ও সংশ্লিষ্ট বিষয়ে একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।
খাদ্যসংস্কৃতিও এবারের আয়োজনে স্থান পাচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ফরাসি খাবার উৎসব, যেখানে ফরাসি শেফ প্যাট্রিক কানে ফ্রান্সের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিভিন্ন খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি, হোটেল ও পর্যটনশিল্পের শিক্ষার্থীদের জন্য তিনি একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।
সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে ফরাসি সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে ফরাসি বুদ্ধিজীবী আন্দ্রে মালরোর ঐতিহাসিক ভূমিকার স্মরণও নতুন মাত্রা পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন