প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদেশি শক্তির পক্ষে কাজ করার এবং গোপন তথ্য পাচারের অভিযোগে যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রয়্যাল নেভির (যুক্তরাজ্যের নৌবাহিনী) এক সদস্য। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম টেডি ইয়ং (২৪)। জাতীয় নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুলিশ বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। কাউন্টার টেররিজম পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে টেডি ইয়ং বিদেশি শক্তির লাভের উদ্দেশ্যে যুক্তরাজ্যের সংরক্ষিত ও গোপনীয় তথ্য সংগ্রহ, অনুলিপি তৈরি এবং তা হস্তান্তরের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন। তার বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারের পর টেডি ইয়ংকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে। এই গ্রেফতারের বিষয়ে লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশিং প্রধান কমান্ডার হেলেন ফ্ল্যানাগান মন্তব্য করেছেন, “সামরিক বাহিনীর একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে এটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এই ঘটনার পেছনে অন্য কোনো সম্ভাব্য ঝুঁকি রয়েছে কি না তা নিশ্চিত করতে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে তদন্ত চালিয়ে যাচ্ছি।”
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি বেডফোর্ডশায়ারে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন ওই নৌ সদস্য। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ঘটে যাওয়া অন্য একটি চলমান ঘটনার সাথে এই গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।
অভিযুক্ত টেডি ইয়ং কোন দেশের পক্ষে কাজ করছিলেন এবং কী ধরনের স্পর্শকাতর তথ্য পাচার করেছেন, সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করেনি তদন্তকারী সংস্থা। সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন