প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার সবকিছু হারিয়েছে। ঘরের আসবাবপত্র, বই-খাতা এবং প্রয়োজনীয় সকল জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। সম্প্রতি ভাইয়ের জন্য কেনা ৫০ হাজার টাকার কম্পিউটারটিও আগুনের কবলে পড়ে ধ্বংস হয়েছে।
মরিয়মের বার্ষিক পরীক্ষা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হওয়ার কথা ছিল। এই অবস্থায় পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে তার মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে স্কুলে থাকা অবস্থায় মরিয়ম হঠাৎ এক বান্ধবীর মায়ের ফোনে জানতে পারে যে, তাদের বস্তির ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে সে দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু আগুনের কারণে ঘরে প্রবেশ করতে পারেনি। পরে নিজ চোখে দেখে, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে।
মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম জানায়, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’
ঘরের শোকেস, টেলিভিশন, র্যাক, ড্রাম, বই-খাতা কিছুই অবশিষ্ট নেই। তবে তার স্কুলব্যাগে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র রক্ষা পেয়েছে। বর্তমানে তার কাছে যা আছে, তা হলো গায়ে থাকা স্কুলের পোশাক এবং কাঁধের ব্যাগ। মাথা গোঁজার ঠাঁই হারানোর দুঃখ এবং সামনে বার্ষিক পরীক্ষার চাপ তাকে চরম অনিশ্চয়তায় রেখেছে।
মরিয়মের মা ফেরদৌসী বেগম জানান, তারা প্রায় ১০ বছর ধরে মহাখালীর সাততলা বস্তিতে বসবাস করছেন। তার স্বামী ব্যবসা করেন এবং তিনি পোশাক কারখানায় কাজ করেন। দীর্ঘ সময়ের পরিশ্রমে তারা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু মুহূর্তের আগুনে সবকিছু শেষ হয়ে গেছে।
ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’
তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। সব হারিয়ে এখন নতুন করে সংসার গোছানো এবং পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এত কিছুর পরও মরিয়মের স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন পূরণ নিয়ে সে শঙ্কিত। মরিয়মের ভাষায়, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’
এদিকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির কর্মীরা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে শুধু একটি পরিবারের ঘরবাড়ি কিংবা কয়েক লাখ টাকার সম্পদই পুড়ে যায়নি, অনিশ্চয়তায় পড়েছে মরিয়মের মতো অনেক শিশুর ভবিষ্যৎও। পরীক্ষার আগের দিন সব হারানো মরিয়ম এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন