প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাটে সময়মতো ও ন্যায্য মূল্যে সার না পাওয়ার অভিযোগে গাছের গুঁড়ি ফেলে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারসংলগ্ন বিসিআইসি ডিলার মেসার্স তাহের ট্রেডার্সের সামনে এ বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন কৃষকরা।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, টাকা দিয়েও সময়মতো সার পাওয়া যাচ্ছে না। এতে আমনসহ বিভিন্ন ফসলের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, খুচরা বাজারেও পর্যাপ্ত সার মিলছে না। একই সঙ্গে ডিলার পয়েন্ট থেকেও চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে না।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন। তারা সঠিকভাবে সার বিতরণের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন। এরপর ডিলার পয়েন্টে সার বিতরণ শুরু হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাসেদুল হক প্রধান বলেন, “জেলায় সারের কোনো সংকট নেই। গতকালও ওই ডিলার পয়েন্টে ৩০০ বস্তা সার দেওয়া হয়েছে। সকালে বৃষ্টির কারণে সার বিতরণে কিছুটা দেরি হওয়ায় কৃষকরা উত্তেজিত হয়ে পড়েন। তারা এখন অবরোধ তুলে নিয়েছেন এবং সার বিতরণ শুরু হয়েছে।”
জেলা প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও আমন মৌসুমে কৃষকদের জন্য সময়মতো ও ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন