প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পুলিশ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য সড়ক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে ১২টি নির্দেশনা প্রদান করেছে। সম্প্রতি, বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। এছাড়া, গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন বলেও জানানো হয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করার কথাও বলা হয়েছে।
বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি, লেন পরিবর্তন বা মোড় নেওয়ার পূর্বে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর কথাও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
কুয়াশা, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার সময় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। যানজট বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য হারানো থেকে বিরত থাকার এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে।
মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অথবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণের নির্দেশনাও প্রদান করা হয়েছে।
এছাড়া, চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের প্রয়োজনীয় সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে চলাচলের সময় এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন