প্রিন্ট এর তারিখঃ ২৭শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৩১শে আগস্ট, ২০২৬ইং; ০৩:৩৫ পি.এম
মালয়েশিয়ায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বানারীপাড়া'র প্রবাসী আবুল হোসেন, দেশে ফিরিয়ে উন্নত চিকিৎসার আকুতি
পরিবারের স্বচ্ছলতা ফেরানো এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে আসছিলেন বরিশালের বানারীপাড়ার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আবুল হোসেন মোল্লা। কিন্তু হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবারের স্বজনদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ স্ট্রোকের পর আবুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও এখনো কাঙ্ক্ষিত সুস্থতা ফিরে আসেনি। দীর্ঘদিনের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের বড় অংশ ব্যয় হয়ে গেছে। ফলে একদিকে প্রিয়জনের জীবন নিয়ে উদ্বেগ, অন্যদিকে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি।
স্বজনরা জানান, মালয়েশিয়ায় চিকিৎসার ব্যয় তুলনামূলকভাবে বেশি হওয়ায় বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যাওয়াও পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ অবস্থায় আবুল হোসেন মোল্লাকে সরকারি উদ্যোগে মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন জানিয়েছে তার পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘদিন বিদেশের মাটিতে শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা একজন প্রবাসীর জীবন রক্ষায় এখন দ্রুত সহযোগিতা ও সরকারি উদ্যোগ প্রয়োজন। দেশে ফিরিয়ে এনে উন্নত চিকিৎসার সুযোগ পেলে আবুল হোসেন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসবেন—এমন প্রত্যাশা স্বজনদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"