প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পরের দিন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের আকস্মিক পদত্যাগের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে শীর্ষ পদে থাকা নারীদের বিদায়ের তালিকা আরও দীর্ঘ হয়েছে। চলতি বছরের শুরু থেকে একের পর এক নারী গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে গর্বের সঙ্গে বলেছিলেন, ‘আমাদের দেশের ইতিহাসে যেকোনো রিপাবলিকান প্রেসিডেন্টের মন্ত্রিসভার তুলনায় আমার মন্ত্রিসভায় বেশি নারী রয়েছেন। বিষয়টি জানাতে পেরে আমি আনন্দিত।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তখন ২০টির বেশি শীর্ষ পদের মধ্যে আটটিতে নারী দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ১৮ মাস পর বর্তমানে সেই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে মাত্র তিনে। তারা হলেন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান কেলি লোফলার।
বসন্তে মাত্র তিন মাসের ব্যবধানে অর্ধেক নারী কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রথমে বিদায় নেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম, যিনি ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের প্রধান মুখ হয়ে উঠেছিলেন।
এরপর বিদায় নেন ট্রাম্পের শীর্ষ ফেডারেল কৌঁসুলি পাম বন্ডি, শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডিরেমার এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। সবশেষে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের এক দিন পর পদ ছাড়ার ঘোষণা দেন ওয়াইলস।
দ্বৈত নীতি
গত বসন্তে পরবর্তী কে পদ হারাতে পারেন, এমন প্রশ্নের জবাবে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ মন্তব্য করেন, ‘তাহলে কি তার দলে আর কোনো নারী নেই?’ তিনি আরও বলেন, ‘ট্রাম্পের মনে হয় শুধু নারী মন্ত্রীদেরই বরখাস্ত করার সামর্থ্য রয়েছে।’ তার ভাষায়, ‘ট্রাম্প প্রশাসনে পুরুষ হলে অসদাচরণের পরও পুরস্কৃত হওয়ার সুযোগ রয়েছে।’
সাবেক সুন্দরী প্রতিযোগিতার আয়োজক ট্রাম্পের কাছে নারীদের গুরুত্ব মূলত তাদের বাহ্যিক উপস্থিতির ওপর নির্ভর করে বলে মনে করেন কলোরাডো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারিন ভ্যাসবি অ্যান্ডারসন। তিনি এএফপিকে বলেন, ‘ট্রাম্প এমন নারীদের নিয়োগ দেন, যাদের মনে করেন তারা তার ভাবমূর্তি উজ্জ্বল করবেন। কিন্তু তারা তা করতে ব্যর্থ হলেই তাদের বিদায় নিতে হয়।’
অ্যান্ডারসন বলেন, ‘ইরান যুদ্ধ যে বিপর্যয়ে পরিণত হয়েছে, তা প্রায় সবাই স্বীকার করলেও তিনি (ট্রাম্প) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ট্রাম্প যেসব পুরুষ কর্মকর্তার পক্ষে সবচেয়ে জোরালোভাবে অবস্থান নেন, তাঁদের মধ্যে একটি বিশেষ ধরনের পুরুষতান্ত্রিক মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) মানসিকতা কাজ করে। এ ধরনের পুরুষদের পাশে থাকতেই ট্রাম্প স্বাচ্ছন্দ্যবোধ করেন।’
প্রশাসনের পুরুষ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনা ও বিতর্ক থাকলেও ট্রাম্প তাদের পাশে দাড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, যিনি কঠোর অভিবাসননীতির পক্ষে প্রকাশ্যে জোরালো অবস্থান নিয়েছেন। এ ছাড়া এফবিআই পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধেও একাধিক বিতর্ক রয়েছে। তার বিরুদ্ধে করদাতাদের অর্থে গঠিত গোপন তহবিল থেকে অনুগতদের পুরস্কৃত করার অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনে অন্যান্য ভুল নিয়েও তিনি সমালোচনার মুখে রয়েছেন।
নারীদের স্থলাভিষিক্ত পুরুষেরা
ট্রাম্প প্রশাসনে একমাত্র যে পুরুষ কর্মকর্তা পদ হারিয়েছিলেন, তিনি মাইক ওয়াল্টজ। ২০২৫ সালের মে মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আলোচনাগোষ্ঠীতে ভুলবশত এক সাংবাদিককে যুক্ত করার কারণে তাকে এ পদ ছাড়তে হয়।
তবে অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ান ওয়াল্টজ। কিছুদিন পর তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, যেসব নারী কর্মকর্তা পদ হারিয়েছেন, প্রত্যেকের জায়গায় নিয়োগ পেয়েছেন একজন পুরুষ। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করা টড ব্ল্যাঁচ বিচার বিভাগে পাম বন্ডির স্থলাভিষিক্ত হন।
আর হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের জায়গায় নিয়োগ পেয়েছেন কট্টর ডানপন্থী মতাদর্শের অনুসারী স্টিফেন মিলার। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। অধ্যাপক অ্যান্ডারসনের মতে, ওয়াইলস ছিলেন ট্রাম্পের জন্য ব্যতিক্রমী এক নিয়োগ। কারণ, তাকে তার পেশাগত দক্ষতার কারণে বেছে নেওয়া হয়েছিল।
তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর রিপাবলিকান প্রেসিডেন্টের মনে হতে পারে, ‘সুজি ওয়াইলসের চেয়ে স্টিফেন মিলারই ট্রাম্পকে আরও ভালোভাবে রক্ষা করতে পারবেন।’ তবে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ নারী মুখের বিকল্প খুঁজতে ট্রাম্পকে হিমশিম খেতে হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি হলেন ক্যারোলিন লেভিট।
হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি লেভিট গত আগস্টের শেষে দায়িত্ব ছেড়ে দেন। তার জায়গায় দায়িত্ব নিতে ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে মজা করে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে সোমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এই ক্রীড়া নির্বাহী বলেন, ‘আমি রাজনীতিতে আসতে চাই না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন