প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। আকাপুলকো শহরে সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের মৃত্যুর পর দেশটির কর্তৃপক্ষ হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নিহত সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেস নিরাপত্তা পরিস্থিতি, সামাজিক সমস্যা এবং নিখোঁজ ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। তার হত্যাকাণ্ড দেশের সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
এদুয়ার্দো ফ্লোরেসের কর্মস্থল ‘এনফোক ইনফরমাতিভো’ জানায়, শনিবার রাতে গুয়েরেরো অঙ্গরাজ্যের আকাপুলকোর উপকণ্ঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, ‘এই হামলায় শুধু একজন সহকর্মী, বন্ধু ও মূল্যবান মানুষকেই হারাতে হয়নি, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘তারা আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। এদুয়ার্দো ফ্লোরেস সালাদোর মতো আমরাও দৃঢ়তা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন চালিয়ে যাব।’ সংবাদমাধ্যমটি অপরাধীদের বিচারের আওতায় আনতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য রাষ্ট্রীয় কৌঁসুলিদের প্রতি আহ্বান জানিয়েছে।
গুয়েরেরো অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলির কার্যালয় ফ্লোরেস হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে হত্যাকাণ্ডের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবরও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ফ্লোরেসের আগে সাংবাদিক রোক্সানা গুজমানও হত্যার শিকার হন। তিনি ভেরাক্রুজের অপরাধবিষয়ক সংবাদমাধ্যম ‘পুলসো ইনফরমাতিভো দেল সুয়েস্তে’ পরিচালনা করতেন। গত ২ জুন অপহৃত হওয়ার আগে তিনি একটি ভিডিও ধারণ করেছিলেন।
ভিডিওতে মুখোশধারী কয়েকজন ব্যক্তিকে তার বাড়ির সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অপহরণের প্রায় এক মাস পর তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় নিয়মিতভাবে মেক্সিকো উপরের দিকে থাকে সাংবাদিকদের জন্য। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল ১৯’-এর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশটিতে সাংবাদিকদের ওপর ১৮১টি হামলার ঘটনা ঘটেছে।
এই হামলার অনেকগুলো এমন অঙ্গরাজ্যে ঘটেছে, যেখানে সংগঠিত অপরাধী চক্রের শক্তিশালী প্রভাব রয়েছে। ২০২৬ সালের প্রথম সাত মাসে সাংবাদিকদের ওপর ছয়টি হামলার ঘটনা ঘটেছে।
সাংবাদিকদের এসব হত্যাকাণ্ডের বেশির ভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন হয় না। গত বছর সাংবাদিকদের কাজের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর তালিকায় গাজার পর মেক্সিকোর অবস্থান ছিল বলে জানিয়েছে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন