প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : গ্যাং সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় দেশ হাইতিতে বিপুল সংখ্যক সালভাদরের সেনা মোতায়েনের জন্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি প্রকাশের জন্য আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটি একইসঙ্গে সেনা অভিযানে মানবাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছে।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে সালভাদরের চার সেনাসদস্য নিখোঁজ হওয়ার পর, দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে হাইতিতে প্রায় দুই হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন।
সালভাদরের সেনাদের মধ্যে অধিকাংশই জাতিসংঘের সমর্থিত ‘গ্যাং দমন বাহিনী’ (জিএসএফ) এর অংশগ্রহণ করছে না। এর ফলে তাদের অভিযান পরিচালনার নিয়মকানুন নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে।
অ্যামনেস্টির আমেরিকাবিষয়ক পরিচালক আনা পিকের সোমবার বলেন, “সেনা মোতায়েনের বিষয়ে দুই সরকারের মধ্যে হওয়া চুক্তি প্রকাশ করতে হবে। মোতায়েন করা সেনাদের তদারকির পদ্ধতি, বলপ্রয়োগের ক্ষেত্রে অনুসৃত নিয়ম, তারা কার কাছে জবাবদিহি করবে এবং প্রতিশোধের আশঙ্কা ছাড়াই মানুষ কীভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবে, তা স্পষ্ট করতে হবে।”
বুকেলে প্রথমে বলেছিলেন, নিখোঁজ সেনাসদস্যদের দেশে ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হয়েছে।
তবে পরবর্তীতে তিনি হাইতির শক্তিশালী গ্যাংগুলো নির্মূলের বৃহত্তর লক্ষ্য অর্জনের ইঙ্গিত দেন। নিজ দেশে তিনি একই ধরনের অভিযান পরিচালনা করেছেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আনা পিকের বুকেলে ও হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক দিদিয়ে ফিলস-আইমেকে আহ্বান জানিয়ে বলেন, “হাইতিতে সালভাদরের সেনাদের পরিচালিত সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে, তা নিশ্চিত করতে হবে।”
মানবাধিকার লঙ্ঘনের সকল অভিযোগের দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতেও তিনি দুই দেশের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, “গ্যাং সহিংসতা মোকাবিলার নামে হাইতিতে অতীতের বিভিন্ন অভিযানে যে মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির সংস্কৃতি দেখা গেছে, তার পুনরাবৃত্তি করা চলবে না।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন