প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মন্তব্য করেছেন যে, প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়া বা অস্থিতিশীল করে ইসরাইল তার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে না। তিনি উল্লেখ করেন, "আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে কোনো দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।" এই কারণে ইসরাইলকে প্রতিবেশীদের ক্ষতিগ্রস্ত করার নীতি থেকে সরে আসতে হবে।
মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ফিদান।
তিনি অভিযোগ করেন, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরাইল এখনও অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ফিদান বলেন, "এ ধরনের তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং স্থিতিশীল নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।"
ফিদান আরও বলেন, "প্রতিবেশীদের ক্ষতিগ্রস্ত করে নিরাপত্তা পাওয়া যাবে না—ইসরাইলকে বিষয়টি বুঝতে হবে। এ ধরনের নীতি থেকে তাদের সরে আসা প্রয়োজন।" তিনি উল্লেখ করেন, "কোনো রাষ্ট্রের নিরাপত্তা তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে না।" স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হলে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
দক্ষিণ সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান
সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের সামরিক হামলা বন্ধের আহ্বান জানান। তিনি সিরিয়া ও ইসরাইলের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত ‘ডিসএনগেজমেন্ট অব ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ বা সেনা প্রত্যাহার ও বিচ্ছিন্নকরণ চুক্তির ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন।
১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দূরত্ব বজায় রাখা এবং সংঘাত এড়ানোর লক্ষ্যে ওই চুক্তি হয়েছিল। এর আওতায় সিরিয়া ও ইসরাইলি বাহিনীর মধ্যে একটি বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স (ইউএনডিওএফ) ওই অঞ্চল পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে।
ফিদানের বক্তব্যে সিরিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তুরস্কের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। তার মতে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে উপেক্ষা করে কোনো আঞ্চলিক নিরাপত্তাকাঠামো টেকসই করা সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন